সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনার পরপরই বিকেল থেকে এই বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (রুটিন দায়িত্বে) মাহমুদ আখতার হোসেন বলেন, বেবিচকের নির্দেশনা পাওয়ার পর বিকেল থেকেই বিমানবন্দরে বাড়তি সতর্ককতা মূলক ব্যবস্থা নেয়া হয়। বিমানবন্দরের আগমন ও বহিগর্মন পথে তল্লাশি জোরদার, সীমানা প্রাচীর এলাকা এবং ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে নিরাপত্তার দায়িত্বে আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পুরো বিমানবন্দর এরিয়াতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরসহ দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকার নিদের্শ দেয় বেবিচক।