প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকেরা। এতে জেলার সব সড়কেই বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে কর্মবিরতি আহ্বান করেছিলেন পরিবহন শ্রমিকেরা। তবে গতকাল রোববার রাতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠকে বসে মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান শ্রমিক নেতারা।
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এ কারণে আজ সকাল থেকে সিলেটের সব সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানান তিনি।
ওই বৈঠকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি স্থগিত করেন।
এর আগে গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পরিষদের তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।
মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা। এ ছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানান মালিক-শ্রমিকেরা।