মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। পরে আহত অবস্থায় সে এবং তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবি বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানিয়েছে, শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বড়লেখা সীমান্তের লাতু এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবির একটি টহলদল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
পরবর্তীতে বিজিবির চ্যালেঞ্জের মুখে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। এ অবস্থায় আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন চোরাকারবারি আহত হয়।
পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
৫২ বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।