হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি এস.এম. ফয়সল বলেছেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহ বিস্তার আজ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ, পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। যা দেশের আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকতা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদ প্রমুখ।
সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। বাজারে গরু ও অন্যান্য গবাদিপশু অবাধে বিচরণ করায় ব্যবসায়ী ও পথচারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে এমপি ওসি সোহেল রানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
জেডএম