হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজ ৮ যুবকের পরিবারে বুকফাটা আহাজারি

আলাউদ্দিন রনি, মাধবপুর (হবিগঞ্জ), আমিনুল হক সিপন, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সংসারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের আশায় দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমাতে গিয়ে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের ছয় ও সুনামগঞ্জের দুই যুবক। দীর্ঘদিনেও প্রিয়জনদের কোনো সন্ধান না মেলায় আটটি পরিবারে চলছে বুকফাটা আর্তনাদ। জমিজমা বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে এখন নিঃস্ব ও দিশাহারা স্বজনেরা। জীবিত বা মৃত—সন্তানের শেষ পরিণতিটুকু জানতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছে অসহায় পরিবারগুলো।

মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন একজন

নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর লিবিয়া থেকে দালালচক্র প্রায় ৬০ জন যাত্রীকে একটি ভঙ্গুর প্লাস্টিকের নৌকায় তুলে গ্রিসের উদ্দেশে পাঠায়। ওই নৌকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মাসুম মিয়া, পাবেল মিয়া, আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া ছিলেন। মাঝসাগরে নৌকাটি ছিদ্র হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা উত্তাল ঢেউয়ে তলিয়ে যান। এই সাতজনের মধ্যে একমাত্র পুরাইকলা গ্রামের মাসুম মিয়া টানা দুই দিন সাগরে ভেসে থাকার পর অচেতন অবস্থায় তীরে ওঠেন এবং স্থানীয়দের সহায়তায় গ্রিসে পৌঁছান। মাসুমের কাছ থেকে নৌকাডুবির সেই বিভীষিকাময় বর্ণনা শোনার পর থেকেই বাকি ছয় যুবকের বাড়িতে কান্নার রোল পড়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালালচক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। গত ১৫ দিন ধরে তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। নিখোঁজ পাবেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ পাঠাতাম না। ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না।’ নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘ছেলের চিন্তায় সব হারাতে বসেছি। দালালদেরও কোনো সহযোগিতা পাচ্ছি না।’

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, পরিবারগুলো আনুষ্ঠানিকভাবে আবেদন করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিখোঁজদের সন্ধানের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) এবং কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দালাল জসিমের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তিতে ৭ লাখ টাকা অগ্রিম দিয়ে গত ১১ অক্টোবর লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশে রওনা হন অপু মিয়া। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। অপুর ভাই সানুর মিয়া জানান, দালালরা এখন ফোন ধরছে না, ধরলেও মিথ্যা আশ্বাস দিচ্ছে।

অন্যদিকে, একই দিন সাগরপথে রওনা হয়ে নিখোঁজ হন লিটন মিয়া। তার ভাই রুমেন মিয়া অভিযোগ করেন, ভাইয়ের খোঁজ করার সময় অপরিচিত আরেক দালাল ফোন করে ১২ লাখ টাকা দাবি করেছে। টাকা দিলে লিটনকে ভিডিও কলে দেখানো হবে বলে শর্ত দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ একই পথে গ্রিসে যাওয়ার সময় জগন্নাথপুরের পাঁচ যুবকের মৃত্যু হয়। সেই মামলার অন্যতম আসামি দালাল জসিম বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, তিনি থানায় নতুন যোগদান করেছেন; বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ, বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

টাঙ্গুয়া ও হাকালুকি হাওর সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত

লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাধবপুরের ৬ যুবক নিখোঁজ

পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বসছে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইট

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন