হোম > সারা দেশ > সিলেট

লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে জগন্নাথপুরের দুই যুবক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা।

নিখোঁজ দুই যুবক হলেন উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) এবং কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান অপু মিয়া সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় দালাল জসিমের মাধ্যমে ১২ লাখ টাকার চুক্তিতে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। চুক্তি অনুযায়ী ৭ লাখ টাকা অগ্রিম পরিশোধ করে গত অক্টোবর মাসে তিনি বাড়ি ছাড়েন। বাকি ৫ লাখ টাকা গ্রিসে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। দালাল জসিমের কথামতো গত ১১ অক্টোবর লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশে রওনা হন অপু। কিন্তু এরপর এক মাস পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অপু মিয়ার ভাই সানুর মিয়া জানান, দালালরা এখন ঠিকমতো ফোন ধরছে না, আর ধরলেও কেবল মিথ্যা আশ্বাস দিচ্ছে। ভাই কেমন আছে, কোথায় আছে—এই দুশ্চিন্তায় পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন।

অন্যদিকে, একইভাবে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া।

লিটন মিয়ার ভাই রুমেন মিয়া অভিযোগ করে বলেন, তারা যখন ভাইয়ের খোঁজে দিশেহারা, তখন অপরিচিত আরেক দালাল ফোন করে ১২ লাখ টাকা দাবি করে। টাকা দিলে লিটনকে ভিডিও কলে দেখানো হবে বলে শর্ত দেওয়া হয়। লিবিয়ায় অবস্থানরত পরিচিতজনদের মাধ্যমেও তাঁর কোনো হদিস মিলছে না। সন্তান ও স্বামীর শোকে বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তানদের আহাজারি থামছে না।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, তিনি এই থানায় নতুন যোগদান করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় জগন্নাথপুরের পাঁচ যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে দালাল জসিম অন্যতম, যিনি বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবি: মাধবপুরের ৬ যুবক নিখোঁজ

পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বসছে ক্যামেরা, ড্রোন ও সার্চলাইট

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ