হোম > সারা দেশ > সিলেট

দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দিব

হবিগঞ্জে জামায়াত আমির

হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দিব ইনশাল্লাহ। চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না। আমরা ক্ষমতা গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হব। মালিক নয়, সেবক হব।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জামায়াত আমির ।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীনতার একেক করে ৫৪টি বছর পার করেছে, একটি জাতি ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় ছিল। ভিয়েতনাম আমাদের বহুপরে স্বাধীনতা পেয়েছিল, গৃহযুদ্ধের কবল থেকে মুক্তি পেয়েছিল, সেই ভিয়েতনাম এখন সত্যিকার অর্থেই উন্নয়নের রোল মডেল হয়েছে। কিন্তু বাংলাদেশের কপালে ভাগ্যের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। এখনো বাংলাদেশে সন্ত্রাস হয়, তবে হবিগঞ্জ কী সন্ত্রাস হয়? দর্শকদের এমন কথা জিজ্ঞাস করলে দর্শক হ্যাঁ বলে সম্বোধন করেন।

৩৫ মিনিটের বক্তব্যে তিনি বলেন, এখনো মায়েরা ঘরে-বাইরে নিরাপদ নন, কর্মস্থলেও নিরাপদ নন, প্রিয় দেশের মানুষ চাঁদাবাজদের আতঙ্কে অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির, দুর্নীতি আমাদের আগাগোড়া একদম ছিঁড়ে ফেলেছে।

তিনি বলেন, ‘যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় কপাল-কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? না বদলানোর কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসেন, তখন একেকজন পীর-দরশ-আউলিয়া সেজে আসেন। তারা আসেন বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইলেকশনের সময় এসে উন্নয়নের গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা বইয়ে দেন। কিন্তু যখন ইলেকশন চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না।’

ব্যাংকসহ রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এই টাকাগুলি কার? দেশের ১৮ কোটি মানুষের টাকা। তারা ১৮ কোটি মানুষের টাকা চুরি করেছে।’

তিনি বলেন, ‘রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসেবে নিয়েছি। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে; দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, হামলাবাজি, লুণ্ঠন তারাই করে।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা বোনের ইজ্জত দিতে চায় না, যারা আমাদের মা-বোনদের হিজাব খুলে দিতে চায়, যারা মায়ের জাতিকে অসম্মান করে, গায়ে হাত তোলেন, কাপড় খোলার হুমকি দেন, তাদের ১২ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত আর কাউকে কেড়ে নিতে দিব না।’

বিচার বিভাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। একজন সাধারণ মানুষের যে শাস্তি হয়, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একই শাস্তি হবে। টাকার কাছে বিচার বিক্রি হবে না।’

তিনি বলেন, এই হবিগঞ্জ! আলহামদুল্লিাহ, আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর। হাওর, বাঁওড়, বিল-নদী-নালা, মৎস্যসম্পদ প্রচুর। এখানে খনিজ সম্পদ আছে, এখানে বনজ সম্পদ আছে, এখানে চা-বাগান আছে, এখানে বাংলাদেশের যা দরকার সবকিছু আছে। কিন্তু কেউ যদি হবিগঞ্জে চলাফেরা করে, তাহলে বলবে এটি আমাদের বাংলাদেশ নয়, সৎ-মায়ের আচরণ করা হয়েছে যুগযুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাল্লাহ।’

এবারের নির্বাচনে ভোট হবে দুটি— গণভোটে হ্যাঁ দিবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিবেন বলে আহ্বান জানান আমিরে জামায়াত। তিনি বলেন— ‘হ্যাঁ’ আজাদি, ‘না’ মানে গোলামি। ১২ তারিখে প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয় ভোট হবে দাঁড়িপাল্লায়। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে পুরোনা পচা রাজনীতির চিত্র ও চরিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ।’

জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মহসিন আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন—কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসানের জোটের প্রার্থী মাওলনা সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদেরসহ স্থানীয় নেতারা।

চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংসদে বিল আনবেন নাসের রহমান

সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি: জামায়াত আমির

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচিত হলে আমানতের খেয়ানত করবেন না জামায়াত প্রার্থী সালাম মাদানী

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, জনজীবনে দুর্ভোগ

মাধবপুরে ট্রাকভর্তি ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে জামায়াতের নির্বাচনি জনসভা শুরু

সিলেটে নির্বাচনি প্রচারে নেই সংঘাত, প্রশংসিত হচ্ছে প্রার্থীদের সহনশীলতা

মাধবপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চের প্রচার