দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল হাওয়ায় বদলে যেতে শুরু করেছে প্রকৃতির চিত্র। সকাল গড়ালেও বাতাসে থাকছে শীতের আমেজ।
বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার আনিস আহমেদ।
শীতের আগমনে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের ওপর শীতের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি বেশি থাকছে।
অন্যদিকে, শীতকে ঘিরে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ এবং ভাপা পিঠাসহ নানা ধরনের শীতকালীন খাবারের প্রস্তুতিও শুরু হয়েছে। সব মিলিয়ে শ্রীমঙ্গলের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।