সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরো এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন।
নিহত শিক্ষার্থী বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে আহসানুল মিয়া (১৬)। সে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তাহিরপুর সাব জোনাল অফিসের এজিএম, মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেবি ভোল্টেজ লাইনের পাশেই তিনতলা এই ভবনটি নির্মাণের কাজ হচ্ছিল। কিন্তু কাজ চলাকালীন মালিকপক্ষ থেকে লাইন বন্ধ করতে বলা হয়নি। বা মালিকপক্ষ আমাদেরকে ভবনে নির্মাণ কাজের বিষয়টি অবগতও করেনি।
নির্মাণাধীন ভবনটির মালিক সাজু আহমেদ বলেন, পল্লী বিদ্যুতের এই লাইনটি সরানোর জন্য চার মাস আগেই আবেদন করেছি। কিন্তু অফিস বিষয়টি আমনে নেননি। তাদের গাফলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, লাশ সুরতহাল করে রাখা হচ্ছে। পরিবার চাচ্ছে ময়নাতদন্ত ছাড়া লাশ বাড়িতে নিয়ে যেতে। এজন্য তারা যথাযথ মাধ্যমে আবেদনের প্রস্তুতি নিচ্ছে।
জেডএম