বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হোসাইন মো. আল জুনাইদ আইনের বিভিন্ন ধারা প্রেজেন্টেশন করে বুঝিয়ে দেন। তিনি বলেন, এই আইনে ২৭টি ধারা রয়েছে। এর মধ্যে ১১টি সুনির্দিষ্ট কারণে কী করা যাবে আর কী করা যাবে না, তা বলা আছে। আগে হাওরের জন্য কোনো আইন ছিল না। আমরা হাওর অধ্যুষিত ৭ জেলার জন্য এই আইনকে ফোকাস করছি। এই আইন পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে। টাঙ্গুয়ার হাওর ফিরে পাবে প্রাণ।
নতুন আইনে হাওরে অবৈধ দখল, ভরাট, পানির প্রবাহ বন্ধ করা, পানি ও মাটি দূষণ, অনুমতি ছাড়া বালু মাটি উত্তোলন, পরিযায়ী পাখি শিকার, জলজ বন ধ্বংস এবং নিষিদ্ধ জাল, কারেন্ট, বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এসব অপরাধের জন্য অনধিক ২ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে মাঠেই বিচার করা যাবে।
সুরক্ষা আদেশে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে পাখি শিকার, হিজল করচ গাছ কাটা, সংরক্ষিত এলাকায় প্রবেশ, ভূমির শ্রেণি পরিবর্তন ও পাকা সড়ক নির্মাণ নিষেধ করা হয়েছে। হাউসবোট পরিচালনায়ও কঠোর নিয়ম দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো হাউসবোট চলতে পারবে না। একশ ফুটের বেশি লম্বা বোট হাওরে চলবে না। নির্ধারিত রুট ও ঘাটের বাইরে যাওয়া যাবে না। অতিরিক্ত যাত্রী বহন, উচ্চস্বরে গান বাজনা, মাইক বাজিয়ে পার্টি করা ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না।
সভায় উপস্থিত অংশীজনরা এই আইনকে স্বাগত জানিয়ে বলেন, টাঙ্গুয়ার হাওরে এখন মাছ নেই, পাখি নেই, বন উজাড় হচ্ছে। ক্ষতি হচ্ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের। শুধু আইন করলে হবে না। এটার বাস্তবায়ন করতে হবে। বক্তারা বলেন, হাওরে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার পর্যটক আসেন। তাদের কোনো ফি নেই। ফি ব্যবস্থা চালু হলে সেই টাকা হাওর উন্নয়নে কাজে লাগবে। নজরখালী বাঁধ নির্মাণ নিয়েও সভায় দুই রকম বক্তব্য উঠে আসে। এ বিষয়ে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে বাঁধের প্রয়োজনীয়তা আছে কি না তা যাচাই করার কথা বলেন। সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই আইন ও আদেশ কার্যকর হলে টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা, হাওর ভরাট ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ড বন্ধ হবে।
সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শংকর কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এনজিও প্রতিনিধি, পরিবেশ কর্মী, হাওর কর্মী এবং গণমাধ্যমকর্মী।