হোম > বাণিজ্য

নরসিংদী-নারায়ণগঞ্জে বন্ড সুবিধায় আনা ৮০ কাউন্টের বিপুল সুতা জব্দ

খোলা বাজারে বিক্রির অভিযোগ

অর্থনৈতিক রিপোর্টার

নরসিংদী ও নারায়ণগঞ্জে বন্ড সুবিধার আওতায় আমদানি করা ৮০ কাউন্টের বিপুল পরিমাণ সুতা জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে নরসিংদীর মাধবদী বাজার ও নারায়ণগঞ্জের পুরিন্দা বাজার এলাকা থেকে এসব সুতা জব্দ করা হয়। খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে বন্ডের সুতা পরিবহনের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পরে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নরসিংদীর মাধবদীর বিভিন্ন গোডাউন থেকে পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে আরও বিপুল পরিমাণ সুতা জব্দ করা হয়।

থানা-পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ও আমানত শাহ গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান নরসিংদীর মাধবদীতে একটি গাড়িতে সুতা পরিবহন করতে দেখেন। পরে তিনি লোকজনের সহায়তায় ভ্যানচালক ও গাড়িটি আটক করে নরসিংদী থানায় নিয়ে যান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কাস্টমস কর্মকর্তারা আরও বিপুল পরিমাণ সুতা জব্দ করেন।

এ-সংক্রান্ত একাধিক ভিডিওচিত্র আমার দেশের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, আটক করা সুতার কার্টনে ‘চায়না অরিজিন’ ও ‘সিএম৮০এস/১’ পণ্যের পরিচিতি রয়েছে। ভিডিওচিত্রে বিপুল পরিমাণ সুতা মজুত অবস্থায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কথোপকথনও দেখা গেছে।

সুতা জব্দের বিষয়ে জানতে চাইলে নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন আমার দেশকে বলেন, কামরুল হাসান নামের ভদ্রলোক বিটিএমএর সেখানে ইলেকশনে আসছিল। আমাদের বাজারে ভ্যানচালককে নিয়ে যাচ্ছিল ২০ কার্টন সুতা। সুতার বক্সে মেড ইন চায়না লেখা। তখন তারা সন্দেহ করে কীসের মাল—জানতে চান। পরে ভ্যানচালক ঘটনা খুলে বললে তারা তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি বলেন, তাকে জানানোর পর তিনি কাস্টমস গোয়েন্দা ও শিল্প পুলিশসহ বিভিন্ন জায়গায় ফোন দেন। তারাও ইতোমধ্যে সেখানে হাজির হন। পরে পুলিশের একটি টিমও সেখানে পাঠানো হয়। আড়াইহাজার থানার ওসিও সেখানে যান। সেখানে প্রায় ৫০ কার্টন সুতা পাওয়া গেছে। আমরা এই মাল আপাতত তাদের দিয়ে দিয়েছি, তারা জব্দ করেছেন।

কামাল হোসেন বলেন, তারা এটার ব্যবস্থা নিয়ে মামলা ইস্যু করবে, ফাইন করবে।

এ ঘটনায় দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিল্পোদ্যোক্তারা ঘটনাটিকে বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের একটি দৃশ্যমান উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রকৃত আমদানিকারক ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

দেশীয় টেক্সটাইল মিল মালিকদের মতে, দেশের রপ্তানিমুখী শিল্পে ৮০ কাউন্টের সুতার ব্যবহার নেই। তারপরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের বন্ড সুবিধা নিয়ে এসব সুতা আমদানি করে থাকেন। পরে এসব সুতা রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার বাইরে স্থানীয় বাজারে প্রবেশ করে।

তাদের মতে, এর মাধ্যমে এসব আমদানিকারক একদিকে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন, অন্যদিকে দেশীয় শিল্পের সঙ্গে অসম প্রতিযোগিতার পরিস্থিতি সৃষ্টি করছেন। এ কারণে সুবিধা বাতিল কিংবা বন্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, ডিজিটাল ট্র্যাকিং ও কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

প্রকৃত রপ্তানিমুখী শিল্প যাতে প্রয়োজনীয় কাঁচামাল সহজে আমদানি করতে পারে এবং একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে কেউ যাতে স্থানীয় বাজারে অন্যায্য সুবিধা নিতে না পারে, সে জন্য কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘নরসিংদী ও নারায়ণগঞ্জে আটক সুতার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত আমদানিকারক, সরবরাহকারী এবং বন্ড সুবিধার আওতায় পণ্য খালাস ও পরিবহনের পুরো প্রক্রিয়াটি অনুসরণ করা হলে বন্ড ব্যবস্থার সম্ভাব্য অপব্যবহারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।’

শওকত আজিজ রাসেল আরও বলেন, ‘এ ধরনের ঘটনায় শুধু পণ্য আটক করাই যথেষ্ট নয়। পণ্যটি কার নামে আমদানি হয়েছে, কোন প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের আওতায় এসেছে, কীভাবে সংশ্লিষ্ট গোডাউনে পৌঁছেছে এবং কোথায় যাওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্তের আওতায় এনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ: অর্থমন্ত্রী

পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা শুরু ৭ অক্টোবর

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর