বর্তমানে বিশ্বে বিশাল ঋণের ভারে জর্জরিত নয়, এমন সরকার খুঁজে পাওয়া কঠিন। ধনী দেশগুলোর আর্থিক সংকটই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, চীন ও জাপান রেকর্ড পরিমাণ ঋণের মুখোমুখি। এর নেতিবাচক প্রভাব ফ্রান্সে প্রকট আকারে দেখা গেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবার বেহাল দশার কারণে সৃষ্ট ক্ষোভ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট করেছেন দেশটির জনগণ।
তবে ধনী দেশগুলোর এই আর্থিক সমস্যা কেবল তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর ছড়িয়ে পড়ে তাদের আর্থিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোকে আরও বেশি ঋণ নিতে হচ্ছে এবং ঋণের বিপরীতে আগের চেয়ে বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের।
চলতি মাসে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এসব দেশের সম্মিলিত ঋণের পরিমাণ বেড়ে ৯.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সবচেয়ে দরিদ্র দেশগুলোর অবস্থা বেশি শোচনীয়। তারা এমন উচ্চ সুদহারের মুখোমুখি হয়েছে, যা আশির দশকের শেষভাগের পর আর দেখা যায়নি।
নিউইয়র্ক টাইমস বলছে, ঋণের অধিকাংশ কারণই এসব দেশগুলোর নিয়ন্ত্রণের বাইরে। কোভিড-১৯ মহামারি দিয়ে শুরু হওয়া একের পর এক সংকট—যেমন জ্বালানি সংকট, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পণ্যের মূল্যবৃদ্ধি জাতীয় বাজেটকে চাপে ফেলেছে এবং ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে। আবার উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে ঋণের খরচ বেড়েছে।
ধনী দেশগুলোর বিশাল ঋণের বোঝা নিম্ন আয়ের দেশগুলোর ওপরও প্রভাব ফেলছে। বিশ্বজুড়ে বন্ডের ইল্ড (সরকারি ঋণের ক্রেতাদের প্রাপ্ত মুনাফা) দ্রুত বাড়ছে। সরকারি ঘাটতি বেড়ে যাওয়া এবং অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে উদ্বিগ্ন বেসরকারি বিনিয়োগকারীরা এখন ধনী দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও বাড়তি মুনাফা দাবি করছেন। কারণ, তাদের আশঙ্কা—রাজনৈতিক নেতারা হয়তো কঠিন আর্থিক সিদ্ধান্তগুলো নেওয়া থেকে বিরত থাকছেন।
রকফেলার ফাউন্ডেশনের আন্তর্জাতিক নীতিবিষয়ক ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা সেগাল-নোলস বলেন, যেসব ঋণ আগে সম্পূর্ণ যৌক্তিক মনে হতো, সেগুলোর ওপর এখন এমন সুদের বোঝা চেপেছে, যা কোনো উন্নয়নশীল দেশের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। ফলে অনেক দেশই একটি ভয়াবহ দুষ্টচক্রে আটকা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বন্ড বাজার বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। মার্কিন ট্রেজারি বন্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং সরকারের বিভিন্ন নীতির কারণে মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড ৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। ফ্রান্সে বন্ডের ইল্ড ২৫ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং জাপানে তা তিন দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আরও বেশি সুদ দিতে বাধ্য হচ্ছে। যেমন আইভরি কোস্ট, কেনিয়া ও নাইজেরিয়াকে ঋণদাতাদের ৭.৫ শতাংশ থেকে ১০ শতাংশের বেশি বার্ষিক সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়েছে।
স্বল্পমেয়াদে ঋণের জন্য এত বেশি সুদ দেওয়া হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এটি আত্মঘাতী। এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার থেকে যে আয় হবে, তা দিয়ে এই ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়তে পারে।
আইএমএফের মতো প্রতিষ্ঠান থেকে সবচেয়ে দরিদ্র দেশগুলো ছাড়া সবার জন্য ঋণ নেওয়াও অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। কারণ, আইএমএফ বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর নির্ধারিত সুদহারের ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণ করে ঋণ দেয়। ফেডারেল রিজার্ভ এবং অন্য বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার আরও বাড়ানোর চাপ অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
বিদ্যমান ঋণ পরিশোধের উচ্চ ব্যয় এবং নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা রাজনৈতিক নেতাদের শাসনকার্য পরিচালনার সক্ষমতাকে সংকুচিত করে ফেলছে। ঋণ পরিশোধের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে যাওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেনশন, অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য খাতে বিনিয়োগের জন্য অর্থের প্রাপ্যতা ক্রমাগত কমে যাচ্ছে।
সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, প্রবৃদ্ধির জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে চলে যাচ্ছে। বিশ্বব্যাংক বা আঞ্চলিক উন্নয়ন ব্যাংকগুলোর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যেসব দেশ কম সুদে ঋণ পায়, তারা ওই অর্থের একটি অংশ ব্যবসায় বিনিয়োগ করা বা কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে বেসরকারি ঋণদাতাদের পাওনা পরিশোধে ব্যয় করছে। গভীর ঋণে জর্জরিত অনেক উদীয়মান অর্থনীতি খেলাপি হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে। তবে তার মানে এই নয়, তারা আর্থিক স্থিতিশীলতা অর্জন করেছে। বরং তারা ঋণের অর্থ পরিশোধকেই অগ্রাধিকার দিয়েছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার তথ্যানুযায়ী, বিশ্বের ৫১টি দেশের ৩৭০ কোটি মানুষের স্বাস্থ্যসেবা বা শিক্ষার চেয়ে সুদ পরিশোধের পেছনে বেশি অর্থ ব্যয় করা হচ্ছে। একই সময়ে উন্নত অর্থনীতি ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো থেকে প্রাপ্ত বৈদেশিক সহায়তা এবং স্বল্পসুদে ঋণ পাওয়ার সুযোগও সংকুচিত হয়ে এসেছে। ২০১০-এর দশকে ব্যাপক হারে ঋণদাতা চীন এখন নতুন করে ঋণ দেওয়ার পরিবর্তে পাওনা অর্থ আদায়ের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী মার্টিন গুজমান বলেন, উন্নত অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো কীভাবে ঋণের ব্যয় নির্ধারণ করে, তা দেখুন। ইউক্রেন বা ইরান যুদ্ধের সঙ্গে ইকুয়েডরের কোনো সম্পর্ক নেই। অথচ তাদের আইএমএফকে উচ্চহারে সুদ দিতে হচ্ছে। মিসর, পাকিস্তান এবং তিউনিসিয়া যতটুকু নতুন ঋণ পাচ্ছে, তার চেয়ে বেশি অর্থ ঋণ ও সুদ পরিশোধের জন্য ব্যয় করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ঋণের অর্থ পরিশোধকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো খেলাপি না হয়ে তারা উন্নয়নের ক্ষেত্রে খেলাপি হচ্ছে। ঋণদাতারা ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে উচ্চ মুনাফা দাবি করেন; কিন্তু যখন ওই ঝুঁকি বাস্তবে রূপ নেয়, তখন তারা তাদের পাওনা অর্থের চেয়ে কম নিতে রাজি হন না।
আফ্রিকান সেন্টার ফর ইকোনমিক ট্রান্সফরমেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ম্যাভিস ওউসু-গিয়ামফি বলেন, এ প্রক্রিয়ায় চীন একটি বড় পক্ষ। তাদের সঙ্গে একটি ঐকমত্যে পৌঁছাতে না পারলে প্রতিটি ঋণ আলোচনার বিষয়টি খণ্ডবিখণ্ড হয়ে থাকবে এবং এতে দীর্ঘ সময় লেগে যাবে।