চলতি অর্থবছরে (২০২৫-২৬) শেষ চার মাসে (মার্চ থেকে জুন) ভ্যাট সংক্রান্ত ফাঁকি রোধ করে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জনে ১০ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গঠিত টাস্কফোর্স সময়াবদ্ধ স্বল্পমেয়াদি কর্মপরিকল্পণা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করবে।
বুধবার এনবিআরের ভ্যাট-বাস্তবায়ন ও আইটি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে ভ্যাটের পাশাপাশি আয়কর ও কাস্টমস বিভাগেও পৃথক টাস্কফোর্স তৈরি করছে এনবিআর।
এদিকে গঠিত টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে- রাজস্ব আহরণ বৃদ্ধিতে সর্বাত্মক তৎপরতা গ্রহণ ও মনিটরিং, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে গৃহীতব্য পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট এবং সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন, অর্থনৈতিক গণতান্ত্রয়ন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) লক্ষ্য অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে আসন্ন বাজেটসহ ভবিষ্যতে স্বল্প ও মধ্যমেয়াদে গৃহীতব্য পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট এবং সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন, করনেট বৃদ্ধিকরণে কর্মকৌশল বাস্তবায়ন, ঋণাত্মক খাতসমূহকে ধনাত্মক খাতে পরিণতকরণ, নিরঙ্কুশ বকেয়া আদায় নিশ্চিতকরণ এবং চলমান মামলা ও অডিটসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মো. সামছুল ইসলামকে আহ্বায়ক ও ভ্যাট বাস্তবায়নের (পণ্য ও সেবা) প্রথম সচিব রুহুল আমিন টাস্কফোর্সের সদস্য সচিব হিসাবে কাজ করবেন। সদস্য হিসাবে রয়েছেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এর কমিশনার কাজী ফরিদ উদ্দিন, ভ্যাট পরিবীক্ষণ ও করদাতা সেবার প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল, ভ্যাট নীতির প্রথম সচিব মশিউর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুরের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার রেজভী আহমেদ, কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কাজী রেজাউল হাসান, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (ভ্যাট) উপ-কমিশনার ইমাম গাজ্জালী ও ভ্যাট করদাতা সেবার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা।
উল্লেখ, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই’ ২৫-জানুয়ারি’২৬) লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৬০ হাজার কোটি টাকা। এ সময়ে ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা।