হোম > বাণিজ্য

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

অর্থনৈতিক রিপোর্টার

আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমবে। তবে কত কমবে— এ ব্যাপারে আমি এখনই সুনির্দিষ্ট করে কিছু বলব না। একই সঙ্গে সংবাদপত্র শিল্পে বিদ্যমান উৎস কর ও অগ্রিম আয়কর কমার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বিভিন্ন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এসব আশ্বাস দেন।

নোয়াবের প্রেসিডেন্ট ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আগামী বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে ব্যবহৃত নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, বিজ্ঞাপন আয়ের উৎসে কর ৫ শতাংশ ও কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমানোর দাবি জানান।

মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট, যা মোট উৎপাদন ব্যয়ের ৫০ থেকে ৬০ শতাংশ। বর্তমানে নিউজপ্রিন্ট আমাদির ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। অন্যদিকে বিজ্ঞাপনের আয়সহ অন্যান্য আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। সংকট হ্রাসে আগামী বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান নোয়াবের প্রেসিডেন্ট।

এ ছাড়া করপোরেট করের হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, সংবাদপত্র কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব।

প্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর বাড়বে না, এটা আমি বলতে পারি। কর্মীদের আয়কর দায় থেকে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির করের দায় প্রতিষ্ঠানের বহন করা ঠিক নয়। এটা ব্যক্তিকেই বহন করতে হবে। তবে আগামীতে সংবাদপত্রের মালিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানকে এ দায় থেকে মুক্তি দেওয়া হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বণিক বার্তা সম্পাদক হানিফ দেওয়ান।

উল্লেখ্য, আগামী অর্থ বছরের বাজেট নিয়ে মঙ্গলবার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছে এনবিআর।

নোয়াব ছাড়াও আজ সকালের আলোচনায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো অংশ নেয়। অ্যাটকো প্রতিনিধিরা বলেন, দুই একটি চ্যানেল ছাড়া সবগুলো চ্যানেল ভর্তুকি দিয়ে চলছে। পূর্বের প্রভিশন ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হয়নি। অনলাইন আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট কাটা হয়।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের কাছে পাওনা কখনো তামাদি হয় না, ফেরত পাওয়া যায়।

স্বর্ণের বাজারে ফের ‘আগুন’

বাজেট প্রণয়নে বড় চ্যালেঞ্জ সীমিত আর্থিক সক্ষমতা

আগামীতে বছরব্যাপী আয়কর রিটার্ন দাখিল করা যাবে

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

তিন বছরের মধ্যে এসবিএসিকে সেরা ২৫ ব্যাংকের তালিকায় নিতে চাই

বিশেষ নিলামের মাধ্যমে সরকারের ঋণ সংগ্রহের উদ্যোগ

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময়

সমাজকল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্ক জোরদারে এফটিএ আলোচনার প্রস্তাব

জ্বালানি তেলের ব্যারেল ছাড়াল ১১৫ ডলার