হোম > বাণিজ্য

বাণিজ্যমেলার নাম পরিবর্তন

স্টাফ রিপোর্টার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে সোমবার রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কনফারেন্স রুমে এর পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আমাদের দেশের পণ্যের বাজার সম্প্রসারণ প্রয়োজন সেখানে কার্যকরভাবে অংশগ্রহণ করতে হবে। শুধু অংশগ্রহণ নয় যাতে দেশের উন্নতি হয়, ব্যবসাটা বৃদ্ধি পায় সেদিকে মনোযোগ দিতে হবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-এর নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। নাম পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৯৯৫ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতা-বিক্রেতাদের সমন্বয়ে আয়োজনের উদ্দেশ্যে শুরু হয়েছিল।

লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানসমূহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগতমানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে পরিচিতি করানো। বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধি দলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না, অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামে উপস্থাপন করা হচ্ছে। বিদেশি সরাসরি ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারার না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছে এবং প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ফলে, বিদেশি ক্রেতা/দর্শনার্থীর আকর্ষণ কমে যাচ্ছে, স্থানীয় উদ্যোক্তারা বৈশ্বিক ট্রেন্ড ও প্রযুক্তি শিখতে পারছেন না, মেলার আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ দুর্বল হচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান উপস্থিত ছিলেন।

সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২০২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের বাইরে আয়োজিত মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, প্রত্যেকটা মেলা সম্পর্কে আমাদের একটি বিশ্লেষণ থাকা দরকার। যেখানে আমাদের দেশের পণ্যের বাজার সম্প্রসারণ প্রয়োজন, সেখানে কার্যকরভাবে অংশগ্রহণ করতে হবে। শুধু অংশগ্রহণ নয়, যাতে দেশের উন্নতি হয়, ব্যবসাটা বৃদ্ধি পায় সেদিকে মনোযোগ দিতে হবে।

রপ্তানিমুখী শিল্পখাত ও উৎপাদকদের জন্য বৈশ্বিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে এবং সরকারের বাজার বহুমুখীকরণ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে, রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি স্বতন্ত্র আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবের প্রেক্ষিতে সভায় নভেম্বর মাসে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

সোর্সিং মেলা আয়োজনের যৌক্তিকতা তুলে ধরে বাণিজ্য সচিব বলেন, সোর্সিং মেলা আয়োজন না করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় পণ্যের পরিচিতি বাড়বে না, আমাদের সক্ষমতাও তৈরি হবে না। এ সময় তিনি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সোর্সিং মেলার প্রচারণা বাড়ানোর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‘নগদ’ প্রসঙ্গে যা বললেন ব্যারিস্টার আরমান

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

শোকজের পর কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে বদলি

শোকজের জবাব সন্তোষজনক না হলে শাস্তির ব্যবস্থা

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের রিজার্ভে সুখবর, এখন কত বিলিয়ন ডলার?

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’