বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে ‘রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল’।
বুধবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত ‘রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উৎসবের শুভ উদ্বোধন করেন বাণিজ্য সচিব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় দর্শনার্থীরা আজ থেকে রমাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।