হোম > বাণিজ্য

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয়

এনবিআরের বিবৃতি

অর্থনৈতিক রিপোর্টার

একজন করদাতার আয়, ব্যয় ও সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।

বিবৃতিতে আরও বলা হয়, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল বিষয়ক কতিপয় পোস্টের প্রেক্ষিতে রোববার এনবিআরের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে রিটার্ন দাখিলের বিষয়ে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের এ সকল পোস্টে রিটার্ন পূরণের সবকয়টি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন বলে এনবিআরের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা