হোম > বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু কাল

অর্থনৈতিক রিপোর্টার

তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে। আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী এ বাছাই কার্যক্রম চলবে। এতে আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন—এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়ন কার্যক্রমে থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের স্বাবলম্বী করা এবং জাতীয় অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ করা হয়। এসব জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। এতে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।

শ্রমিকের অধিকার নিশ্চিতে রাষ্ট্রের আন্তরিকতা জরুরি

বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস, এক দিনে ৩.২ ট্রিলিয়ন ডলার উধাও

আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম

ভরিতে ২৭৪১ টাকা কম‌ল স্বর্ণের দাম

বদলে যাচ্ছে বাজেটের ধরন

বাণিজ্য বাধা দূর করে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ গুরুত্ব

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

সরাসরি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন গ্রাহক

এমিরেটস গ্রুপের নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশ