হোম > বাণিজ্য

খেলাপি ১০ শতাংশের বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

দেশের ব্যাংকগুলোর শেয়ারধারীদের নগদ ও স্টক বা বোনাস লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংকের মোট ঋণের ১০ শতাংশের বেশি খেলাপি ঋণ থাকলে ওই ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। একইসঙ্গে নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে আরোপিত দন্ডসুদ ও জরিমানা অনাদায়ি থাকলেও লভ্যাংশ দেওয়া যাবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ঘটায় সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে চাপ সৃষ্ট হয়েছে। তা মোকাবিলা করে ব্যাংকগুলো যাতে দেশের অর্থনীতিতে যথার্থ অবদান রাখতে পারে সে জন্য লভ্যাংশ বিতরণের নীতিমালা করা হয়েছিল। এর উদ্দেশ্যে হল, ব্যাংকগুলোর মুনাফা যথাসম্ভব অবণ্টিত রেখে মূলধন কাঠামো অধিকতর শক্তিশালী ও সুসংহত করার মাধ্যমে পর্যাপ্ত তারল্য বজায় রাখা। বর্তমানে দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা এবং ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্নের বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনা করা হয়েছে। ব্যাংকসমূহের শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নতুন নীতিমালা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। তাদের ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা মেনে চলতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কেবলমাত্র বিবেচ্য পঞ্জিকাবর্ষের মুনাফা থেকে নগদ লভ্যাংশ দেওয়া যাবে। আগের পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। নগদ জমা ও বিধিবদ্ধ জমায় ঘাটতির কারণে আরোপিত দন্ডসুদ ও জরিমানা অনাদায়ি থাকলে লভ্যাংশ দেওয়া যাবে না। ব্যাংকের খেলাপি ঋণ ও বিনিয়োগের হার মোট ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ ১০ শতাংশের বেশি হলে লভ্যাংশ দিতে পারবে না। ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো প্রকার নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি থাকলে লভ্যাংশ দেওয়া যাবে না। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রকার বিলম্ব সুবিধা গ্রহণ করলে ও বিলম্ব সুবিধা বহাল থাকলে কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না।

শর্ত পূরণ করে যারা লভ্যাংশ দিত তারা কত লভ্যাংশ দিতে পারবে তা–ও নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, লভ্যাংশের পরিমাণ ‘ডিভিডেন্ড পে আউট রেশিও’ দ্বারা নির্ধারিত হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও হবে ব্যাংকের ঘোষিত লভ্যাংশের পরিমাণ ও ব্যাংকের কর–পরবর্তী মুনাফার অনুপাত অনুযায়ী। তবে ঘোষিত লভ্যাংশের পরিমাণ কোনোভাবেই পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের বেশি হবে না।

যে সব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণসহ অন্যান্য ব্যয় মেটানোর পর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে আড়াই শতাংশ ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম ১৫ শতাংশ মূলধন সংরক্ষণ করতে পারবে সেগুলো তাদের সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ দিতে পারবে। সে ক্ষেত্রে, তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সর্বোচ্চ ৫০ শতাংশের বেশি হবে না। যারা সাড়ে ১২ শতাংশের অধিক কিন্তু ১৫ শতাংশের এর কম মূলধন সংরক্ষণ করতে সক্ষম সে সব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে নগদ ও স্টক লভ্যাংশ দিতে পারবে। সে ক্ষেত্রে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সর্বোচ্চ ৪০ শতাংশের অধিক হবে না। এছাড়া সাড়ে ১২ শতাংশের কম তবে ন্যূনতম রক্ষিতব্য মূলধন (১০০%) এর বেশি হবে সে সব ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে কেবলমাত্র স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে।

নতুন এ নীতিমালা চলতি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে ব্যাংকসমূহের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ ২০২৬ সালে যে লভ্যাংশ দেওয়া হবে সে ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য চলতি বছরে কোনো লভ্যাংশ দিতে পারবে না।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা