হোম > বাণিজ্য

ফিজিতে বাড়তে পারে বাংলাদেশের পোশাক-পাটপণ্য রপ্তানি, যাবে দক্ষ কর্মীও

অর্থনৈতিক রিপোর্টার

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তির জন্য নতুন বাজার হয়ে উঠতে পারে। একই সঙ্গে দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

হাইকমিশনার জানান, ফিজির জনসংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার হলেও দেশটিতে বছরে ১০ লাখের বেশি পর্যটক যান। পর্যটন ও হোটেল খাতের চাহিদা মেটাতে ফিজিকে প্রয়োজনীয় খাদ্যপণ্যের প্রায় ৫০ শতাংশ আমদানি করতে হয়। এ কারণে ফলমূল ও শাকসবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি বিনিয়োগের বড় সুযোগ আছে।

তিনি বলেন, ফিজিতে বিনিয়োগ করলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশের সুযোগ পাওয়া যায়। বিদেশি বিনিয়োগকারীদের কর অবকাশ সুবিধাও দিচ্ছে দেশটি। পাশাপাশি প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্পের চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে।

জনশক্তি রপ্তানির সম্ভাবনা

ফিজিতে দক্ষ ও আধা দক্ষ কর্মীর সংকট রয়েছে। দেশটির অনেক দক্ষ কর্মী বেশি আয়ের আশায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাড়ি জমানোয় এই ঘাটতি তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিতে দুই দেশের মধ্যে লেবার মোবিলিটি বা শ্রম স্থানান্তরবিষয়ক সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। হাইকমিশনার জানান, কর্মীদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদেরও ফিজিতে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা ২৩ নভেম্বর

‘বি’ ক্যাটাগরির কোম্পানিও পাবে ডিজিটাল এজিএমের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল বাংলাদেশ

আর্থিক সক্ষমতা ও সুশাসন নিশ্চিত করেই পুঁজিবাজারে আসতে হবে: বিএসইসি চেয়ারম্যান

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ৬ দিন

ঢাকায় একসঙ্গে তিন আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

বিসিকের উদ্যোগে ৫১১ উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকা বিতরণ

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের