রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুই সদস্যের এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক। কমিটির সদস্য হলেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।
রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়।
অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি করেন যুগ্ম সচিব মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। এ ছাড়া সভায় যুগ্ম সচিব রিহ্যাব সভাপতিকে ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলাপ–আলোচনা করার পরামর্শ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর ১ আগস্ট র্যাডিসন হোটেলে এজিএম অনুষ্ঠিত হয়নি। এমনকি ১২-১৫ আগস্ট গ্রীষ্মকালীন আবাসন মেলার আয়োজনও সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।