ইসলামী ব্যাংকের ৬ হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের নামে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ার সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেন মূলধন সংগ্রহের নামে ব্যাংকটিকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। কোনোভাবেই ইসলামী ব্যাংক সরকার কিংবা এস আলমের হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের তিন কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি উপস্থাপন করা হলেও তা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
ফোরামের সাত দফা দাবির মধ্যে রয়েছে—অংশীজনদের সঙ্গে আলোচনা করে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করা, অপপ্রচার রোধ, লুণ্ঠিত অর্থ উদ্ধার, অভিযুক্তদের পুনর্বাসন বন্ধ এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
নুর নবী মানিক অভিযোগ করেন, ব্যাংকটির সংকট সমাধানে সরকারের নীরব ভূমিকা গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে আমানতের সুরক্ষা ও ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যেকোনো ষড়যন্ত্র গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।