বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আপিল শুনানিতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজালের পদ বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ড. আলী আফজালের দাখিল করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শুনানিতে ড. আলী আফজালের পক্ষ থেকে তার পদ শূন্য ঘোষণা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন তথ্য ও বক্তব্য উপস্থাপন করা হয়। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়া হয়।
গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনের ভিত্তিতে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ড. আলী আফজাল আপিল করেন। পরবর্তী সময়ে ২১ সেপ্টেম্বর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন এবং একই সঙ্গে মন্ত্রণালয়ের কাছে দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন।
শুনানিতে আপিলের বিষয়টি পর্যালোচনা শেষে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে রিহ্যাবের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ড. আলী আফজাল দায়িত্ব পালন অব্যাহত রাখছেন।