নানা অনিয়মে অভিযুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারা পদত্যাগের পর ড. মো. রফিকুল ইসলাম এবং এসএম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দু’জনের সম্পৃক্ততা উঠে আসলে তাদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল। পরবর্তীতে আরও একটি পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি তাদের পদত্যাগ করতে বলা হয়।