ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, সিএফও পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর সিটিও ও কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য প্রয়োজন হবে আট বছরের অভিজ্ঞতা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে এসব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পালনে ব্যর্থতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলনের কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।
এ ছাড়া ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, কোনো নিয়ন্ত্রক সংস্থার আইন বা বিধিবিধান লঙ্ঘনের কারণে শাস্তিপ্রাপ্ত এবং অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তিও এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণ-খেলাপি ঘোষিত ব্যক্তিও এসব পদে নিয়োগের যোগ্য হবেন না। এমনকি এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যবসায়িক সম্পর্কও থাকা যাবে না।
নির্দেশনা অনুযায়ী, ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, ১ হাজার কোটি টাকার কম সম্পদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিএফও পদে নিয়োগের জন্য আট বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এর মধ্যেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সিএফও পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এমবিএম) অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সিটিও পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এ পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে।
অন্যদিকে, কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিবালয় অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।