বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে টিকে থাকতে হলে প্রচলিত ব্যবসায়িক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে চিন্তা, পুনর্গঠন ও পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে হবে। এ জন্য প্রয়োজন উদ্যোগী মানসিকতা, উদ্ভাবনী চিন্তা ও মানবিক নেতৃত্ব।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১০ম লিডারশিপ সামিটে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, বৈশ্বিক পর্যায়ের নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। দিনব্যাপী এ আয়োজনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি বিশেষ আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা ও একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও ও টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা।
বিশেষ আলোচনায় অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার।
এ ছাড়া বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মূল প্রবন্ধে অধ্যাপক দীপক সি. জৈন বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা শুধু একই ব্যবসায়িক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। অপ্রত্যাশিত কোনো প্রতিষ্ঠানও যেকোনো সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই ব্যবসায়ীদের প্রচলিত প্রতিযোগিতার ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। পরিসংখ্যান মানুষের মস্তিষ্ককে আকৃষ্ট করে, আর গল্প মানুষের হৃদয় স্পর্শ করে। তাই নেতৃত্ব ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংকে শুধু কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। এসব প্রযুক্তির কারণে নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে। বাংলাদেশ ও ভারতের মতো তরুণ জনগোষ্ঠীর দেশগুলোর জন্য এটি বড় সুযোগ। তবে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোর কথা তুলে ধরে দীপক জৈন স্বাস্থ্যসেবা ও জেনেরিক ওষুধ, গণমাধ্যম ও বিনোদন এবং আতিথেয়তা, পর্যটন ও ভ্রমণশিল্পের কথা বলেন। তাঁর মতে, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা হতে পারে। এ জন্য অর্থনৈতিক মূল্যের পাশাপাশি পণ্যের কার্যকরী ও আবেগীয় মূল্য তৈরিতেও গুরুত্ব দিতে হবে।
অন্যান্য অধিবেশনে বক্তারা ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, প্রতিষ্ঠান পুনর্গঠন, দক্ষ ও দায়িত্বশীল কর্মী দল গঠন এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে সততা, স্বচ্ছতা ও পারিবারিক মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি যথাযথভাবে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেদের নতুনভাবে গড়ে তোলা এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান নির্মাণের কৌশল নিয়েও আলোচনা হয়।
সামিটের কেস স্টাডি অধিবেশনে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। অন্যদিকে, অংশগ্রহণমূলক অধিবেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।
দশম আসরের এ সামিটে একটি বিষয় স্পষ্ট হয়েছে—বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যারা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম।