২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের অর্থনীতিতে কিছুটা গতি ফিরেছে। এপ্রিল-জুন সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২ দশমিক ০৫ শতাংশ। তবে পুরো বছরজুড়ে সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।
বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের হিসাবে, চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন সময়ে এর পরিমাণ ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা নেমে আসে ৩ দশমিক ০৩ শতাংশে। তৃতীয় প্রান্তিকে আরও কমে দাঁড়ায় ২ দশমিক ২২ শতাংশে। শেষ তিন মাসে এসে প্রবৃদ্ধি আবার বেড়ে ৪ দশমিক ৬০ শতাংশ হয়েছে।
অর্থনীতির খাতভিত্তিক চিত্রে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে শিল্পে। এপ্রিল-জুন সময়ে স্থির মূল্যে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিল্পের প্রবৃদ্ধি ৫ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
তবে পুরো অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির ধারাবাহিকতা ছিল না। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬ দশমিক ৮২, ১ দশমিক ২৭ এবং ঋণাত্মক শূন্য দশমিক ২৮ শতাংশ।
সেবা খাতেও শেষ প্রান্তিকে উন্নতি হয়েছে। এপ্রিল-জুন সময়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ২৬ শতাংশ। যদিও বছরজুড়ে সেবা খাতের প্রবৃদ্ধিতে মন্থরতা দেখা যায়। প্রথম তিন প্রান্তিকে এ হার ছিল ৪ দশমিক ৫১, ৪ দশমিক ৪৫ ও ৩ দশমিক ৫২ শতাংশ।
অন্যদিকে কৃষিতে পরিস্থিতি ছিল উল্টো। সর্বশেষ প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে ১ দশমিক ৭৩ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে কৃষির প্রবৃদ্ধি কমেছে ১ দশমিক ৪৬ শতাংশীয় পয়েন্ট।
তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কৃষির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২ দশমিক ১১, ৩ দশমিক ৬৮ ও ১ দশমিক ৭৪ শতাংশ। এর আগের অর্থবছরে একই সময়ে এ হার ছিল ঋণাত্মক শূন্য দশমিক ১২, ১ দশমিক ৯০ ও ৪ দশমিক ৬১ শতাংশ।
বিবিএসের চার প্রান্তিকের সাময়িক হিসাব অনুযায়ী, স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরে দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ শেষ প্রান্তিকে শিল্প ও সেবা খাতের গতি বাড়লেও কৃষির মন্থরতা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে।
এআরবি