হোম > বাণিজ্য > অর্থনীতি

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিল সরকার

অর্থনৈতিক রিপোর্টার

সরকার প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগে দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নিয়েছে। বৃহস্পতিবার বাইব্যাক নিলামের মাধ্যমে এসব বন্ড কেনা হয়। সরকারি ঋণের মেয়াদ কাঠামো ভারসাম্যপূর্ণ করা এবং বাজারে থাকা বন্ডের সংখ্যা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ৪ নভেম্বর ইস্যু করা দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ওপর এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ৫৬টি বিডের বিপরীতে ২ হাজার ১৬ কোটি ১৪ লাখ টাকার বিড জমা পড়ে। এর মধ্যে নিলাম কমিটির নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ১ হাজার ৭১৬ কোটি ১৪ লাখ টাকার বিড গ্রহণ করা হয়েছে।

সরকার আগে বিক্রি করা বন্ড মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নেওয়ার প্রক্রিয়াকে বাইব্যাক বলা হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে এ ধরনের বাইব্যাক নিলামের আয়োজন এবারই প্রথম। এর মাধ্যমে সরকারের ঋণ ব্যবস্থাপনায় একটি নতুন ও বাজারভিত্তিক পদ্ধতির সংযোজন হলো। এ উদ্যোগের ফলে সরকারি ঋণের মেয়াদ কাঠামো আরও সুষম হবে। একই সঙ্গে ভবিষ্যতের অর্থায়ন ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়বে এবং ঋণের খরচ ও ঝুঁকি আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সামগ্রিকভাবে এ প্রক্রিয়া সরকারের দায় ব্যবস্থাপনা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের ঋণের কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী আবারও বাইব্যাক নিলাম আয়োজন করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সাধারণত এসব বন্ডের মেয়াদ শেষ হওয়ার পর তা পরিশোধ করা হয়। তবে এবার মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই বন্ড কিনে নেওয়া হয়েছে। ফলে সরকারকে ওই এক মাসের সুদ পরিশোধ করতে হবে না।

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

ডলারের বিপরীতে ফের ৯৬.৮৪ রুপিতে নামল ভারতীয় মুদ্রা

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ

পিকেএসএফ পাচ্ছে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ

১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে উঠছে আজ

দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে: বিশ্বব্যাংক

ভূমি জটিলতায় থমকে আছে দুই গ্যাস কূপের অনুসন্ধান

নতুন ঋণ পর্যালোচনায় আসছে আইএমএফ

ক্ষুদ্রঋণ গ্রাহক কল্যাণ তহবিল যথেচ্ছ ব্যবহার রোধে আসছে বিধিনিষেধ

উদ্যোক্তা তৈরিতে ৭,২৪৫ কোটি টাকার ঋণ দেবে পিকেএসএফ