হোম > বাণিজ্য > অর্থনীতি

তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরো কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: আমার দেশ

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আরো কিছুদিন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে তেল ও গ্যাস আমদানি করতে গিয়ে অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। প্রতিদিনই এই বাড়তি ব্যয় সামাল দিতে হচ্ছে সরকারকে। এ পরিস্থিতিতে আপাতত প্রবৃদ্ধির চেয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অনেক বেড়ে যাওয়ায় আমদানিতে সরকারকে দ্বিগুণ ও তিন গুণ পর্যন্ত বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে সরকারি কোষাগারে বড় চাপ তৈরি হয়েছে। জ্বালানির বাড়তি দামের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয়েও পড়ছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত।

তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে সরকারের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। কিন্তু এই হার নিয়েও সরকার সন্তুষ্ট নয়। মূল্যস্ফীতি আরো কমাতে হবে।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে আমির খসরু বলেন, এ খাতে বিপুল পরিমাণ দায় তৈরি হয়েছে। রাতারাতি কিংবা কয়েক মাসের মধ্যে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। ব্যাংক খাত স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে। সরকারের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। আমানতকারীরা তাদের জমা টাকা সুদসহ ফেরত পাবেন, কোনো অর্থ কেটে রাখা হবে না। এ নিশ্চয়তা দেওয়ার পর ব্যাংকে নিট আমানত বাড়ছে, যা ইতিবাচক লক্ষণ।

পুঁজিবাজারের অতীত পরিস্থিতির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, এত দিন দেশে কার্যকর পুঁজিবাজার ছিল না, বাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল। বাজার সংস্কারের অংশ হিসেবে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে এবং বাজারের সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারের গভীরতা এখনো পর্যাপ্ত নয়। ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করে এর গভীরতা বাড়াতে হবে।

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

সরকারি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পের আর্থিক সম্ভাব্যতা, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় নিতে হবে। শুধু অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্প নেওয়া যাবে না। প্রকল্প শেষ হওয়ার পর বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল পাওয়া গেছে কি না, তা মূল্যায়নে পৃথক ব্যবস্থা চালু করা হবে।

এছাড়া প্রকৃত অর্থনৈতিক চিত্র তুলে ধরতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। কোনো সূচক খারাপ হলে তা আড়াল না করে প্রকৃত অবস্থা ও এর কারণ জনগণের সামনে তুলে ধরতে হবে। ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে।

পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের প্রথম বছরটি কঠিন। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি দৃশ্যমান ফলাফল দেখাতে হবে। এজন্য আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে এসে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ

ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল

প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্ব প্রয়োজন

৮ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

৩ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা

নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা নকল ‘ডাবল এ’ কাগজ জব্দ

বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ