হোম > বাণিজ্য > শিল্প

কমেছে ডিমের দাম, লোকসানে খামারিরা

সরদার আনিছ

রাজধানীর কাপ্তান বাজার আড়তে থরে থরে সাজানো ডিম। ছবি: আমার দেশ

দেশে ডিমের উৎপাদন বেড়েছে। সংগত কারণে বাজারে সরবরাহও বেড়েছে। রাজধানীর পাইকারি ডিম ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় প্রতিদিন বাজারে বেশি ডিম আসছে। তবে দুই মাস আগের তুলনায় বর্তমান বাজারে ডিমের চাহিদায় বড় ধরনের ভাটা পড়েছে। আগে যেখানে আড়ত থেকে প্রতিদিন ৩০ হাজার ডিম বিক্রি হতো, এখন সেখানে বিক্রি কমেছে আন্তত পাঁচ হাজার। চাহিদা কম কিন্তু সরবরাহ বেশি। এ কারণে ডিমের দাম কমে গেছে। দুই মাসের ব্যবধানে ডিমপ্রতি দাম কমেছে দেড় টাকার বেশি। এতে উৎপাদন পর্যায়েই খামারিদের লোকসান হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর, পোলট্রি শিল্প মালিক সমিতি, খামারি ও ডিমের পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দেশে গড় ডিমের উৎপাদন ছয় কোটি ৮৮ লাখ পিস। এর বিপরীতে চাহিদা পাঁচ কোটি আট লাখ পিস। সে হিসাবে প্রতিদিন উদ্বৃত্ত থাকে এক কোটি ৮০ লাখ পিস ডিম।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের পদস্থ এক কর্মকর্তা জানান, ঢাকায় প্রতিদিন গড়ে দেড় কোটি পিস ডিম কেনাবেচা হয়। এর মধ্যে তেজগাঁওয়ের পাইকাররাই বিক্রি করেন কমপক্ষে ২০ লাখ ডিম। অন্যন্য বাজারে বাকি এক কোটি ৩০ লাখ ডিম বিকিকিনি হয়।

তেজগাঁওয়ের ডিম ব্যবসায়ীদের সংগঠন এগ ট্রেডার্স মাল্টিপারপাস সমিতির নেতা আমানত উল্লাহ বলেন, গত অক্টোবর মাস থেকেই ডিমের দরে পতন শুরু হয়েছে। কিন্তু সরবরাহও বাড়তে শুরু করেছে ওই সময় থেকেই। তিনি বলেন, ‘দাম নির্ভর করে সরবরাহ ও চাহিদার ওপর। শীতের আগাম শাকসবজি বাজারে উঠতে উঠতে ডিমের দাম পড়ে গেছে। এ ব্যবসায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান দাম কমাতে কিংবা বাড়াতে পারে না।’

রাজধানীর বিভিন্ন বাজারের ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে। শীতের শুরুতেই ডিমের বাজারে এমন দরপতনে ভোক্তারা খুশি হলেও উদ্বেগ বাড়ছে খামারিদের মধ্যে। উৎপাদন ব্যয় বাড়লেও বিক্রয়মূল্য কমে যাওয়ায় অনেক খামারি লোকসানের আশঙ্কা প্রকাশ করছেন।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা পলাশ জানান, এক মাস আগে প্রতিদিন সাত থেকে আট হাজার ডিম বিক্রি করলেও বর্তমানে তিন থেকে চার হাজার ডিম বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। দাম কমার পরও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কম থাকায় বিক্রি বাড়ছে না।

রংপুরের রাবেয়া পোলট্রি খামারের স্বত্বাধিকারী আমিনুর রহমান জানান, বর্তমানে তার খামারে সাড়ে সাত হাজার মুরগি আছে। প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ১০ টাকা হলেও খামার থেকে ৯টাকার বেশি দামে বিক্রি করা যাচ্ছে না। তাতে প্রতি হাজারে তাকে এক হাজার টাকা করে লোকসান গুনতে হচ্ছে। ডিমের দাম আরো কমতে পারে। ফলে আরো কয়েক মাস লোকসানের বোঝা বইতে হবে।

নাজিরপুরের খামারি রবিউল ইসলাম খান জানান, শীতের আগাম সবজি বাজারে আসার আগে প্রতিটি ডিম ১১ টাকা ৮০ পয়সা দরে বিক্রি করলেও গত তিন সপ্তাহে দাম কমে প্রায় ৯ টাকায় নেমেছে। শীতের সবজির সরবরাহ বাড়লে ডিমের দাম আরো কমতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ত্রিশাল উপজেলার খামারি আব্দুর রহিম জানান, তার খামারে বর্তমানে পাঁচ হাজার লেয়ার মুরগি আছে। এক মাসের ব্যবধানে প্রতিটি ডিমের দাম দুই টাকার বেশি কমেছে। শীতের অনুকূল আবহাওয়ায় ডিম উৎপাদন বাড়লেও বাজারে সবজির সহজলভ্যতা ডিমের চাহিদা কমিয়ে দিচ্ছে। তার মতে, একটি ডিমের দামে কেনা সবজি দিয়ে ছোট পরিবারের এক বেলার তরকারি হয়ে যায়। ফলে নিম্নআয়ের মানুষ ডিমের পরিবর্তে সবজি কিনছেন।

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

স্বপ্নের বুননে সেজেছে এসএমই মেলা

রপ্তানি বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব দিতে হবে

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা ২৩ নভেম্বর

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

মূলধারার বাজারে যাবে গ্রামের পণ্য

শীতের পোশাকে সেজেছে রাজধানীর বিপণিবিতান