হোম > বাণিজ্য > বাজার বিশ্লেষণ

ঈদ ঘিরে মসলার বাজারে ঝাঁজ, ক্রেতার নাভিশ্বাস

সরদার আনিছ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর মসলার বাজারে তেজীভাব দেখা গেছে। পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, কিশমিশসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে। আমদানিকারকরা বলছেন, পাইকারি বাজারে মসলার দাম বাড়েনি। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ মসলার দাম স্থিতিশীল থাকলেও চাহিদা বেড়ে বেশ কয়েকটি মসলার দাম বেড়েছে।

তবে ক্রেতারা বলছেন, ঈদে নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে মসলারও বাড়তি দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। অন্যদিকে, দাম বাড়ানোর পরও সরবরাহ সংকট কাটেনি ভোজ্যতেলের। গতকাল সোমবার রাজধানীর মৌলভীবাজার, নয়াবাজার ও কারওয়ানবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী এনায়েত উল্লাহ আমার দেশকে বলেন, মসলার বাজার স্থিতিশীল রয়েছে; বরং পণ্যের দাম যা থাকা দরকার তার চেয়েও কম আছে। তিনি আরো বলেন, যারা সৎভাবে ব্যবসা করেন তাদের ব্যবসা খুবই মন্দা; আর যারা চোরাইপথে পণ্য নিয়ে এসে ব্যবসা করছেন তাদের ব্যবসা জমজমাট। এসব বিষয় নিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে মিটিং করেও কোনো লাভ হয়নি। তিনি বলেন, সব ধরনের মসলা চোরাচালান হলেও সবচেয়ে বেশি চোরাই পথে আসছে জিরা।

গতকাল কারওয়ান বাজারে দেখা গেছে, কেজিপ্রতি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, দেশি রসুন ১০০-১২০ টাকা, আমদানি করা চীনা রসুন ১৮০ টাকা, আদা ২০০ টাকা, কাঁচামারিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগেও ১০ থেকে ২০ টাকায় কমে বিক্রি হয়েছে। লবণের দামও কেজিতে ৫ টাকা এবং ২৫ কেজির বস্তায় বেড়েছে ১০০ টাকার মতো।

বিক্রেতা আপুল মিয়া আমার দেশকে বলেন, চাহিদা বেড়ে আড়তেই এসব পণ্যের দাম বেড়েছে। তাই আমাদেরকে বেশি দামে কিনে কিছুটা বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

মসলা বিক্রেতা মায়ের দোয়া স্টোরের ইমাম উদ্দিন বাবলু আমার দেশকে বলেন, এবার এলাচ ও কিশমিশ ছাড়া বাকি সব আমদানি মসলার দাম স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, দাম স্থিতিশীল থাকলেও এখনো বিক্রি খুব কম। দেশের আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই ঈদের বাজারেও ক্রেতা কম। মানুষের মধ্যে তেমন উচ্ছ্বাস নেই।

তিনি বলেন, গত এক মাসের ব্যবধানে এলাচের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বেড়ে চার হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিশমিশের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, তেজপাতা ১৮০ থেকে ২২০ টাকা, ধনিয়ার গুঁড়া ২০০ থেকে ২৮০, হলুদ গুঁড়া ২৮০ থেকে ৩৫০ টাকা, শুকনো মরিচ গুঁড়া ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দারুচিনি ৪৮০-৫৫০ টাকা, জিরা ৬৫০ থেকে ৭০০, জিরার গুঁড়া ৮০০, লবঙ্গ ১৪০০ থেকে ১৬০০ এবং এলাচ ৪৬০০-৫৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঠবাদাম ১৪৩০ টাকা, গোল মরিচ ১৩৫০ টাকা, চীনা বাদাম ২০০ টাকা কেজি এবং সয়াবিন তেল দুই লিটার ৪৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ইমাম উদ্দিন বাবলু বলেন, ভোজ্যতেলের দাম বাড়লেও চাহিদা অনুসারে সরবরাহ নেই। বিশেষ করে বোতলজাত সয়াবিনের সংকট রয়েছে। কোম্পানিগুলো ঠিকমতো সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা নাছিমা জামান আমার দেশকে বলেন, ঈদের আগে শুধু না, দেশে সব উৎসবের আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। সামনে কোরবানির ঈদ, বাজারে এসে দেখি এখন মসলার দামও বেড়ে গেছে।

নয়া বাজারের মসলা ব্যবসায়ী হযরত আলী বলেন, ঈদ আসলে মসলার চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আমাদের বাড়তি দামে কিনে বিক্রি করতে হয়। এ কারণে সবাই মনে করে আমরা বাড়িয়েছি। তবে এবার গত বছরের তুলনায় বিক্রি কম ও বাজারে ক্রেতাও কম।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, কোরবানির ঈদ মূলত মসলার মৌসুম হওয়ায় এ সময় বাজারে কিছুটা চাপ থাকেই। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম তুলনামূলক কম বেড়েছে। ভারত থেকে চোরাই পথে মসলা আসছে বলে ব্যবসায়ীদের দাবি থাকলেও বাস্তবে এমন পণ্য সবসময়ই আসত। তবে এবার চাহিদা কম থাকায় ব্যবসায়ীরাও অতিরিক্ত দাম বাড়াতে পারছেন না। অনেক আমদানিকারক ও ব্যবসায়ী কয়েক মাস আগেই মসলা মজুত করে রেখেছেন।

ক্যাব সহসভাপতি বলেন, সয়াবিন তেলের বাজারে সংকটের পেছনে সরকারের দুর্বল অবস্থানও দায়ী। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে এবং ব্যবসায়ীরা সরকারের ওপর প্রভাব খাটিয়ে এমন পরিস্থিতি তৈরি করছেন। দাম বাড়ানোর পরও বাজারে তেলের সংকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জরুরি ভিত্তিতে সরকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এমবি

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও চালের কেজিতে কমেছে ৫-৭ টাকা

আবারও কমলো স্বর্ণের দাম, কার্যকর আজ থেকেই

কোরবানির মসলার বাজারেও জ্বালানি সংকটের অজুহাত

হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ভিটামিন ‘ডি’ ও ‘এ’র পুষ্টিগুণ

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সরকারকে পাম্প মালিকদের সাধুবাদ

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল আড়াই লাখ

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

দেশের সব দোকান-শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত

চাহিদার চাপে বাড়ছে মাংস-মসলার দাম, কমছে সবজি ও ডিমের