হোম > বাণিজ্য > বাজার বিশ্লেষণ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

স্টাফ রিপোর্টার

রাজধানীর বাজারে সবজির দাম কমে সামান্য স্বস্তি ফিরলেও মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই। বরং নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায় ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেশকিছু পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী ইমাম উদ্দিন বাবলু বলেন, ভোজ্যতেলের দাম, আটা-ময়দা, চিনি, সব ধরনের ডাল, গুঁড়া দুধ, সাবান, ওয়াশিং পাউডারসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, চলতি সপ্তাহে বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় কিছুটা কমে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে সব ধরনের সবজিতে একই প্রবণতা নেই; কয়েকটি সবজি এখনো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে।

এর আগে রাজধানীর বাজারে অনেক সবজির দাম ১০০ টাকা ছাড়ালেও সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমতে দেখা গেছে। আগের সপ্তাহের তুলনায় সবজির পাশাপাশি পেঁয়াজের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে অবশ্য স্বস্তি ফেরেনি। চলতি সপ্তাহের বাজারদরে তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২৩০-২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০-৪২০ টাকা এবং চিংড়ি ১,০০০ থেকে ১,৩০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। ইলিশের দামও বেশ চড়া; ৯০০ থেকে এক কেজি ওজনের ইলিশ ২,২৫০ থেকে ২,৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফলে সীমিত আয়ের ক্রেতাদের অনেকে মাছ কেনা কমিয়ে দিচ্ছেন।

মুরগি ও ডিমের বাজারেও বাড়তি দাম অব্যাহত রয়েছে। বাজার পর্যবেক্ষণে ব্রয়লার মুরগি ১৮০-২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ডিমও ডজনপ্রতি ১৫০ টাকা বা তার বেশি দামে বিক্রি হয়েছে।

কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী কাদের মিয়া আমার দেশকে বলেন, নানা কারণে মাছের সরবরাহ কমে দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা হারে। এ দাম সহজে কমার সম্ভাবনা নেই বলে জানান।

এর মধ্যে বুধবার সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার ৫ টাকা সমন্বয় করেছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোজ্যতেলের সরবরাহে কোনো সংকট নেই। তবে মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়তে পারে কি না, তা নিয়ে নজর রাখা হচ্ছে।

কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা মধুবাগের বাসিন্দা আজমিরা খাতুন বলেন, সবজির দাম কিছুটা সহনীয় হলেও সব পণ্যই তো বাড়তির দিকে। বাজারে ডিম ও মাছের দাম অনেক বাড়তি। এতে আমাদের মতো মানুষের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে।

এদিকে বৃহস্পতিবার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে। জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালানোর পাশাপাশি মজুতদারি, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে সবজির বাজারে কিছুটা স্বস্তি এলেও মাছ, মুরগি ও ডিমের চড়া দাম এবং ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের বাজারের চাপ কমেনি। ক্রেতাদের প্রত্যাশা, শুধু একটি-দুটি পণ্যের দাম কমানো নয়, বরং সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে কার্যকর নজরদারি বাড়ানো জরুরি।

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা