শিশুদের কাছে ঈদ মানেই বাঁধভাঙা আনন্দ। নতুন পোশাক পরে প্রিয়জনদের দেখানোর উচ্ছ্বাস, ঘরময় দৌড়ঝাঁপ, পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দ—সব মিলিয়ে ঈদ যেন শিশুদের জন্য বিশেষ এক উৎসব। ঈদের খুশি যতটা না স্পর্শ করে বড়দের, তার চেয়ে বেশি ছুঁয়ে যায় শিশু মনকে।
এ কারণেই প্রতি ঈদে শিশুদের জন্য পোশাক তৈরিতে বিশেষ গুরুত্ব দেন ব্যবসায়ীরা। ছোটদের আকৃষ্ট করতে পোশাকের নকশায় আনা হয় বৈচিত্র্য, আরামের বিষয়টিও রাখা হয় অগ্রাধিকারে। এ বছর গরমের কথা মাথায় রেখে শিশুদের পোশাকের রঙ ও কাপড় নির্বাচন করা হয়েছে। মেয়ে শিশুদের পোশাকে উজ্জ্বল ও প্রাণবন্ত রঙের প্রাধান্য দেখা যাচ্ছে। অন্যদিকে ছেলে শিশুদের ঈদের পোশাকে নীল, ধূসর ও বাদামি রঙ বেশি দেখা যাচ্ছে। ছেলেদের শার্ট ও পাঞ্জাবি তৈরিতে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি ও ভিসকস কাপড়। পাশাপাশি কটিসহ পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে বাজারে।
গতকাল রোববার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দোকানগুলোর ঈদ কালেকশনে মেয়ে শিশুদের জন্য সালোয়ার-কামিজ, ফ্রক, টিউনিক, ঘাগরা-চোলি, ওয়ান-পিস, টু-পিস ও থ্রি-পিস স্যুট, সারারা, খাটো কামিজ, ফারসি এবং লেহেঙ্গা ধাঁচের স্কার্টের প্রাধান্য বেশি। সালোয়ার-কামিজ আর ঘাগরা-চোলির দিকে অনেক মেয়ে শিশুরই ঝোঁক বেশি বলে জানান ফার্ম গেইটের ফার্ম-ভিউ মার্কেটের নিচতলার হাফিজ ড্রেস হাউজের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন আহম্মদ। রাজধানীর রাজা বাজার থেকে রাহনুভা (৮) মায়ের সঙ্গে ঈদের ড্রেস কিনতে এসেছে বসুন্ধরা সিটি শপিংমলে। লাল রঙের একটি পার্টি ফ্রক কিনবে বলে মা নাজমার কাছে বায়না ধরে তৃতীয় তলার এক কোণায় অভিমান করে দাঁড়িয়ে আছে সে। সেখানেই মা-মেয়ের সঙ্গে কথা হয়। মেয়ের পছন্দের পোশাকটি পাওয়া যায়নি বলে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর ঘুরছেন বলে আমার দেশকে জানান তিনি। এখানে শিশুদের ড্রেসের কালেকশন কেমন জানতে চাইলে তিনি বলেন, এ বছর শিশুদের পোশাকের কালেকশন ভালো। পোশাকেও বেশ বৈচিত্র্য লক্ষ করা গেছে।
এবারের ঈদ ফ্যাশনে ছেলে শিশুদের জন্য বিশ্বরঙ এনেছে সুতি, আদ্দি ও সিল্ক কাপড়ের বাহারি পাঞ্জাবি। গ্রামবাংলার লোকজ মোটিফ, লতাপাতা আর জ্যামিতিক কারুকাজ তাদের নকশায় ফুটিয়ে তুলেছেন। বসুন্ধরা সিটির দেশি দশের রঙের বিক্রেতা আলাউদ্দিন জানান, এবারের ঈদে রঙের স্ক্রিনপ্রিন্ট ও হাতের কাজের তৈরি পাঞ্জাবিগুলো ছোটদের লুকে এক বিশেষ মাত্রা যোগ করবে। তাদের পোশাকে এ বছর নীল, সবুজ, হলুদ ও মেরুন রঙের প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান আলাউদ্দিন। তীব্র গরমেও শিশুদের প্রশান্তিতে দিতে ফ্যাশন হাউস লা রিভ এবার জোর দিয়েছে ফাংশনাল ফ্যাশনে। লিনেন ও প্রিমিয়াম কটনের কুর্তা ও শার্ট-প্যান্টের কালেকশন এনেছে তারা। এছাড়া পোলো শার্ট ও ক্যাজুয়াল শার্টের রেখেছে নীল, আকাশি ও প্যাস্টেল শেডের প্রাধান্য।
লা রিভের পাঞ্জাবিগুলোতে এবার জ্যামিতিক নকশার পাশাপাশি স্ট্রাইপ ও কালার ব্লকিংয়ের কাজ বেশি। সেগুলো শিশু-কিশোরদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে জানিয়েছে ফ্যাশন হাউসটি।
সব ফ্যাশন হাউসেই ছেলে শিশুদের পাঞ্জাবির সঙ্গে পাওয়া যাচ্ছে টি-শার্ট। এমনকি বাবা-মা, ভাই-বোনের একই রকম কম্বো সেটও পাওয়া যাচ্ছে। এগুলোর বেশির ভাগই বাটিক, ব্লকের মধ্যে। কোনোটির গলায় ও হাতে সুতার কাজ করা। ছেলেদের জন্য আরো আছে চেক আর ডোরাকাটা হাফ হাতা শার্ট ও ফতুয়া। জিন্স ও গ্যাবার্ডিনের প্যান্টও শিশুদের পছন্দ। গ্রামীণ চেকের টি-শার্ট সব সময়ই অনেক আরামদায়ক। দেশীয় ফ্যাশন হাউসগুলোও গরমের কথা চিন্তা করে পোশাকে হালকা রঙ বেছে নিয়েছে।