কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রোববার বিকেল ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনরত ছাত্রদের ওপর হত্যা ও হামলার ঘটনায় মোজ্জামেলের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে তিনি গাঢাকা দেন। তার নির্বাচনী আসন শরীয়তপুরেও ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গুজব ছিল তিনি দেশ ত্যাগ করেছেন। কিন্তু, অবশেষ তাকে ডিবি গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করলো।
ডিবি পুলিশ জানিয়েছে, মোজাম্মেল পুলিশী গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতেন। পারিবারিক কাজে গুলশানে এলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবি আরও জানায়, মোজাম্মেল টেলিগ্রামে কথা বলতেন। ভারতে পালিয়ে যাওয়া একাধিক নেতার সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।