কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর জেলার ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের বিষয়ে তাঁদের সংগঠন কোনো আপস করবে না। তিনি বলেন, সরকার যদি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়ন করা উচিত।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাঁদের অমুসলিম ঘোষণার দাবি এখন সময়ের দাবি বলে তাঁরা মনে করেন। খতমে নবুওয়ত ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর নতুন কোনো নবীর আগমনে বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরও বলেন, কাদিয়ানী সম্প্রদায় নিজেদের মুসলিম পরিচয় দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তাঁরা মনে করেন। এ বিষয়ে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে তাঁদের রাষ্ট্রীয় পরিচয় নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমাদ রশীদ বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় কিশোরগঞ্জের আলেম-ওলামা ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে শহীদি মসজিদ চত্বর মুখর হয়ে ওঠে।
মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাইখুল হাদীশ মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শাহ ইসমাঈল (পীর সাহেব), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী, মুফতি মাহমুদ হাসান কাসেমী ও মাওলানা আব্দুল আহাদসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও ওলামায়ে কেরাম।
বক্তারা তাঁদের বক্তব্যে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার পাশাপাশি খতমে নবুওয়তের আকিদা রক্ষায় মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সম্মেলন থেকে এ দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।