হোম > রাজধানী

হাজীগঞ্জে বসতঘরে আগুন, ঘুমন্ত দুই শিশুর একজনের মৃত্যু

আমার দেশ অনলাইন

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে লাগা আগুনে ঘুমন্ত অবস্থায় আনাছ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়মকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল এলাকার আতিক মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম উত্তর বড়কুল গ্রামের নাজির আহম্মদের সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুদের মা জেসমিন বেগম ঝগড়া-ঝাটির শব্দ শুনে ঘরের দরজা আটকে রাস্তার সামনে যান। এর মধ্যেই বসতঘরে আগুন লেগে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা ছুটে এলেও ঘরের কাছে যেতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের ভেতরে থাকা ঘুমন্ত দুই শিশুর মধ্যে আনাছ আগুনে পুড়ে মারা যায়। অপর শিশু মরিয়মকে টিনের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়; চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে দুটি বসতঘরসহ ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী শামছুল আলম টুটুল বলেন, আগুনের তীব্রতা ও ঘরের দরজা বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খাঁন খলিলুর রহমান বলেন, ঘরের ভেতরে বিদ্যুতের সংযোগ ও গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

হাজীগঞ্জ থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে এবং এক শিশুর মৃত্যু ও অপর এক শিশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

ককটেল বিস্ফোরণে ঢাবির কর্মচারী আহত, ঢামেকে ভর্তি

৭০ সালা মহাসম্মেলনের জন্য প্রস্তুত ধুপখোলা মাঠ

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

মানবাধিকার সুরক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫

বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ঢাবি ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

কাফরুলে ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার