রাজধানীর মিরপুর-১ এ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। হতদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি(৮)।
এরমধ্যে নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে বলে জানিয়েছেন পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ভবনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সহকারী কর্ম কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফজরের নামাজের পর ভবনের ৫ তলায় বসবাস করা তিনজন লিফটে ওঠেন। কিচ্ছুক্ষণ পর লিফটটি ছিঁড়ে পড়ে। শব্দ শুনে দাঁড়োয়ান সেখানে গিয়ে চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।
অভিযোগ করে প্রশাসনিক কর্মকর্তা অর্থ বিভাগের সমির চন্দ শীল জানান, ‘লিফটি দীর্ঘদিন ধরে প্রায়ই অচল থাকে। যা কোনোমতে মেরামত করে সচল করে চালানো হচ্ছে। এটি যে জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপুর্ণ তা এই দুর্ঘটনাই প্রমাণ করল।’
তিনি জানান, লিফটের বিষয়টি কয়েকবার গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়ে জানানো হলেও তারা কর্ণপাত করেনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী মোকসেদ আলি বলেন, বারবার জানানোর পরও মেরামতের অযোগ্য লিফটি মেরামত করে চালানো হয়েছে। আমরা যথাযত কতৃপক্ষের কাছে বিষয়টির দ্রুত সমাধান করার দাবি জানাচ্ছি।
লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় ওই আবাসিকে বসবাসকারী সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।
বেশিরভাগ বাসিন্দার অভিযোগ, আবাসিকে ৮টি ভবন রয়েছে। বেশিরভাগ ভবনের লিফটের অবস্থাই ভালো নয়। ঠিকমতো মেরামতও করা হচ্ছে না। যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।