হোম > রাজধানী

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

আমার দেশ অনলাইন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ৩টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পর আর কোনো নবী আসবেন না—এটি ইসলামের মৌলিক আকীদার অংশ।

তিনি দাবি করেন, কাদিয়ানী সম্প্রদায়ের মতবাদ মুসলমানদের প্রচলিত ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের বিষয়ে ভিন্ন ভিন্ন আইনগত অবস্থান রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশেও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান।

একই সঙ্গে তাদের কথিত বিভ্রান্তিকর প্রকাশনা বাজেয়াপ্ত করারও দাবি জানান তিনি।

প্রধান আলোচক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে মুসলিম সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা নিয়ে মুসলিম সমাজে সচেতনতা প্রয়োজন। সরকার তাদের দাবি মেনে না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, পবিত্র কোরআনের আয়াত ও সহিহ হাদিসের আলোকে মুসলমানদের কাছে খতমে নবুওয়তের আকীদা সুস্পষ্ট। তিনি ধর্মীয় বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

হযরত ঈসা (আ.)-এর পুনরাগমন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী আকীদা অনুযায়ী তিনি পৃথিবীতে ফিরে এলে হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবেই আসবেন। এ বিষয়ে মুসলমানদের সঠিক ধর্মীয় জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী দাবি করেন, কাদিয়ানী সম্প্রদায় ‘আহমদীয়া মুসলিম জামাত’ পরিচয়, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রচারমাধ্যমের মাধ্যমে তাদের মতবাদ উপস্থাপন করছে।

তিনি বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকীদার অংশ হওয়ায় কাদিয়ানী মতবাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে মুসলমানদের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ বিষয়ে সচেতনতা তৈরিতে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও নিয়মতান্ত্রিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, খতমে নবুওয়তের আকীদা রক্ষা করা মুসলমানদের ধর্মীয় দায়িত্ব। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে আইনগত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি।

তিনি বলেন, এ দাবিতে সংগঠনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী খোবাইব আহমাদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মুফতী কিফয়াতুল্লাহ আজহারী, মুফতী হারুন ইজহার, মুফতী মাসঊদুল করীম, মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, মাওলানা ইউনুস ঢালী, মুফতী মুহাম্মদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী সালাহ উদ্দিন, মাওলানা জুনায়েদ কাসেমী, মুফতী গাজী ইয়াকুব উসমানী, মাওলানা আলী আজম ও মাওলানা আফসার মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে বক্তারা খতমে নবুওয়তের আকীদা সম্পর্কে মুসলিম সমাজকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে সংগঠনের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

চার্চ থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি, ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮, মামলা ৭৯

৬৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা

মিরপুর সরকারি আবাসনে লিফট ছিঁড়ে আহত ৩

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, পিটিয়ে জখম এক