হোম > রাজধানী

অ্যামেচার রেডিও কার্যক্রমকে আরো সংগঠিত করার আহ্বান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর উদ্যোগে আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ কমিশনের কার্যালয়ে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগকালীন অ্যামেচার/হ্যাম রেডিও এর ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রথাগত টেলিযোগাযোগ ব্যবস্থার বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অ্যামেচার বা হ্যাম রেডিও এর কারিগরি দিক, লাইসেন্স প্রক্রিয়া ও দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

সেমিনারে সারাদেশ থেকে শতাধিক অ্যামেচার রেডিও অপারেটরগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী লাইসেন্সিগণ তাদের রেডিও ইকুইপমেন্ট, স্যাটেলাইট সরঞ্জামাদি, ওয়াকি-টকি এবং ট্রান্সমিটারসমূহ প্রদর্শন করেন এবং তারা জানান যে, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাহত হলেও হ্যাম রেডিও স্বতন্ত্র ফ্রিকোয়েন্সিতে সচল থাকায় সংকটকালে জরুরি তথ্য আদান-প্রদান, উদ্ধার তৎপরতা সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা প্রদান করা সম্ভব হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, ফেনীর বন্যা পরিস্থিতিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকায় অ্যামেচার রেডিও অপারেটরগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুর্যোগকালীন কিংবা শান্তিপূর্ণ সময়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ, নিজেদের সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক দূর পাল্লায় টেলিযোগাযোগের ইতিহাস, হ্যাম তথা অ্যামেচার রেডিও এর আবির্ভাব, রেগুলেশন ও বিভিন্ন দেশে দুর্যোগকালীন এর অবদান তুলে ধরেন।

উল্লেখ, বাংলাদেশে ১৯৭৯ সালে অ্যামেচার রেডিওর যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের পর এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে। বিটিআরসি হতে অদ্যাবধি ৮১৩ জনকে অ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষার মাধ্যমে কল-সাইন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জনের লাইসেন্স ও কল-সাইন প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

প্রথম দিকে অ্যামেচার রেডিওর কার্যক্রম শখের ভিত্তিতে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বৃদ্ধি পায়। ১৯২৫ সালে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়ন (IARU) গঠিত হয় এবং প্রতি বছর ১৮ এপ্রিল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও দিবস পালন করা হয়।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি