ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাঁসর ঘণ্টায় মুখরিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির। রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন দেবীদুর্গাকে স্বাগত জানাতে। আজকে ষষ্ঠী পূজা ও অঞ্জলির মধ্যদিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা।
রোববার সকাল ৯টা ১০ মিনিটে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠী পূজা শুরু হয়। এর আগে ভোর থেকে চলতে থাকে পূজার সরঞ্জামাদি সাজানো।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূলত বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতাও শুরু হল।
স্বামীর ঘর স্বর্গ ছেড়ে পৃথিবীতে তার পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এ সফরে তার সঙ্গে রয়েছেন গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর চার সন্তান। আরও রয়েছে কার্তিকের কলা বউ। সাধারণত ষষ্ঠীর দিন ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয়, এবং এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীকে নিয়ে দেবীদুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী আমার দেশকে বলেন, ‘সংকল্প ও আরম্ভ এ দুই মিলিয়ে হয় ‘কল্পারম্ভ’। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয়, সমস্ত নিয়ম মেনেই তার পূজার্চনা করা হবে।’
‘ষষ্ঠীর আগে দেবী বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর ঘুম ভাঙানো হয়েছে। আজকে পূজা এবং অঞ্জলির মধ্যদিয়ে আমরা দেবীর কাছে শান্তি প্রত্যাশা করেছি।’
সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে ‘অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায়’ দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়।
প্রণব চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস। এরপর দেবী দর্শনও শুরু হবে।’
হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবীদুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। দশমীতে দেবী পৃথিবী ছাড়বেন দোলায় অর্থাৎ নৌকায় চড়ে। আর দোলায় দেবীর গমনকে মহামারি বা মড়কের ইঙ্গিত ধরা হয়।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে পৃথিবীতে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
প্রণব চক্রবর্তী আরও বলেন, ‘ষষ্ঠীতে পূজা করবো, এমন সংকল্পের পর মূলত সপ্তমী থেকেই পূজা শুরু হয়। গতবার তিথির কারণে দশমী পূজা নবমীর দিন হলেও এবার দশমীর দিনই হবে দশমী পূজা।
মহালয়ার মধ্য দিয়ে ২১ সেপ্টেম্বর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবী দশভূজা দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধরায় আসেন। সন্তানদের নিয়ে কয়েকটি দিন পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। রাম শরৎকালে দেবীকে আহ্বান করেছিলেন বলে এ পূজা শারদীয় দুর্গা পূজা নামেও পরিচিত।
এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
পূজার সূচি: মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপি কেন্দ্রীয়ভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে। এছাড়া রামকৃষ্ণ মিশনে এবারও হবে ‘কুমারী পূজাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।
সোমবার সপ্তমীর সকালে হবে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীর বিহিত পূজা।
মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে হবে মহাষ্টম্যাদি কল্পরাম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা। দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ৩৮ মিনিটের মধ্যে হবে সন্ধিপূজা এবং মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ।
ঢাকায় সবচেয়ে বড় পরিসরে মহাঅষ্টমীর কুমারী পূজা হবে রামকৃষ্ণ মিশনে। এদিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। রামকৃষ্ণ মিশনে সকাল ১১টায় কুমারী পূজা হওয়ার কথা রয়েছে।
বুধবার সকালে হবে ঢাকেশ্বর মন্দিরে হবে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা। সন্ধ্যায় হবে আরতি প্রতিযোগিতা। এদিন সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। পুষ্প, অর্ঘ্য নিবেদন শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। কোনো কোনো মণ্ডপে নবমীতে যজ্ঞের আয়োজন হয়। মহানবমীতে ভারাক্রান্ত হয়ে উঠতে শুরু করে ভক্তদের হৃদয়।
বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন সকালে হবে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। দুপুর ১২টায় থাকবে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় বের হবে বিজয়া শোভাযাত্রা।