ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লম্বা ছুটি পেয়ে ভোটের উৎসবে অংশ নিতে নিজ নিজ এলাকায় ছুটছেন সাধারণ মানুষ। রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল দেখা গেছে মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে। এতে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাসসংকটের সুযোগে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে। চরম ভোগান্তিতে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া দিয়েই বাড়ি ফিরছে ঘরমুখো যাত্রীরা। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে।
আজ সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে, রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত-শত মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যানজটে ধীরগতির যান চলাচল দেখা গেছে। আন্তঃজেলা ও অন্তঃজেলার বাসগুলোও স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপ মারছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই দুই-তিন দিনের ছুটি পেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছেন।
বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণত বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকেও উঠছেন। ট্রাকে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
কয়েকজন পোশাকশ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া ২৫০ টাকা। আজকে ৬০০ টাকা দিতে হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (বুধবার) ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাধারণ ছুটি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। অবশ্য শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারিও (মঙ্গলবার) ছুটি। লম্বা ছুটি পেয়ে ভোটের সঙ্গে স্বজনদের সময় কাটানোর জন্যও মানুষ বাড়ি ছুটছে।
উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর) জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চন্দ্রা ত্রিমোড় এলাকাজুড়ে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঈদের সময়ের মতোই যাত্রীদের উপচে পড়া ভিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে সবাই একযোগে দেশের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, আবার অনেকে পরিবারের সঙ্গে দেখা করার জন্য দেশের বাড়ির পথে পাড়ি জমিয়েছেন।
এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, ‘নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটিকে কেন্দ্র করে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের হয়রানি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
এমই