হোম > রাজধানী

ডিএনসিসিতে পার্ক-খেলার মাঠ-গণপরিসর রক্ষায় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরসমূহে নাগরিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং এসব স্থাপনার সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার গুলশান নগরভবনে অনুষ্ঠিত ডিএনসিসির ১৩তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, ডিএনসিসির আওতাধীন ৫২টি ওয়ার্ডে অবস্থিত মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর সঠিকভাবে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না সেটি নিয়মিতভাবে তদারকির জন্য এই স্টিয়ারিং কমিটি গঠন করা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “ঢাকা শহরের পার্ক ও খেলার মাঠসমূহ ভিন্ন ভিন্ন মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। মাঠ ও পার্কের অব্যবস্থাপনা এবং দখলের অন্যতম কারণ হচ্ছে এই ভিন্ন মালিকানা। তাই সব পার্ক ও খেলার মাঠ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করে এসব পার্ক ও মাঠের সার্বিক কার্যক্রম তদারকির জন্য এই স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এই কমিটি প্রতি মাসে একবার পার্ক, খেলার মাঠ ও গণপরিসরসমূহের সার্বিক অবস্থা সম্পর্কে কর্পোরেশনে প্রতিবেদন দাখিল করবে। পাশাপাশি এসব পার্ক ও মাঠের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা তদারকি করবে এবং সকল শ্রেণি-পেশার নাগরিকের অবাধ প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একইসঙ্গে কোনো ক্লাব বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন পার্ক, মাঠ ও গণপরিসর দখল করতে না পারেব সেটিও এই কমিটি তদারকি করবে।

বোর্ড সভার নির্ধারিত আলোচনায় জানানো হয়, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মাঠ, পার্ক ও গণপরিসর চিহ্নিত করতে একটি সার্ভে পরিচালনা করা হয়। ওই সার্ভেতে দেখা যায়, ডিএনসিসির আওতায় মোট ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রয়েছে।

বর্তমানে ডিএনসিসির আওতাধীন এই ১০৬টি পার্ক, খেলার মাঠ ও গণপরিসরের মধ্যে সরাসরি ডিএনসিসির মালিকানায় রয়েছে ৩৭টি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানায় রয়েছে ১৭টি এবং অবশিষ্ট পার্ক, মাঠ ও গণপরিসরসমূহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার মালিকানাধীন। এছাড়া কিছু মাঠ ও গণপরিসর বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

বোর্ড সভায় স্টিয়ারিং কমিটিতে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদপ্তর/জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), জেলা প্রশাসন এবং নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমিনুর রসুল, জাকিয়া শিশির, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মো. হাফিজুর রহমান ময়নাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ওই এলাকার প্রতিটি পার্ক ও খেলার মাঠ স্থানীয়দের সমন্বয়ে নাগরিক কমিটি/সোসাইটির মাধ্যমে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় এ কমিটি পার্ক, মাঠ সমূহে অবাধ প্রবেশ, নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষনের দায়িত্ব পালন করবেন। স্টিয়ারিং কমিটি এসব আঞ্চলিক কমিটির মাধ্যমে মাঠ ও পার্কসমূহের কার্যক্রম তদারকি করবে।

এছাড়া নগরীর কিছু খেলার মাঠ বিভিন্ন স্কুল ও কলেজের মালিকানাধীন হওয়ায়, সেসব মাঠ বিকালবেলা যেন স্থানীয় কমিউনিটির মানুষ ব্যবহার করতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে স্টিয়ারিং কমিটি।

উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর তৃতীয় তফসিলের ২৪ অনুচ্ছেদ এবং সপ্তম তফসিলের ২২ অনুচ্ছেদ অনুযায়ী পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও উদ্যান সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনকে প্রদান করা হয়েছে।

ডিএনসিসির আওতাধীন হলেও ডিএনসিসির মালিকানাভুক্ত নয় এমন পার্ক, খেলার মাঠ ও গণপরিসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় সমাজসেবক/প্রতিনিধি এবং ডিএনসিসির প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে, যাতে এসব পার্ক, খেলার মাঠ ও গণপরিসর সকল নাগরিকের ব্যবহারের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা যায়।

সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি; বংশালে চোরসহ গ্রেপ্তার ২

মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি

সেলিম প্রধানের মুক্তির দাবিতে পরিবার ও স্বজনদের মানববন্ধন

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩

হাসপাতাল থেকে নাতিকে নিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নানা নিহত

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৪

কামরাঙ্গীচরে ভ্যান উল্টে কিশোরের মৃত্যু

তা'মীরুল মিল্লাতে ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ঢাকা উত্তর সিটিতে মশা মারতে পুরস্কার ঘোষণা