রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বেলা ১১টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
বিকেল ৫টায় একই এলাকায় ফের অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন।
অভিযানের সময় প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একে একে ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, সড়কে চলবে যানবাহন। অথচ রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে ১৮ থেকে ২২ বছর ধরে সেখানে এভাবে ব্যবসা চলছে। এমনকি মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে মার্কেটও নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, ১০ নম্বর গোলচত্বরের মতো মিরপুর-১ গোলচত্বরের ফুটপাতও দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না।
বিকেল ৫টায় মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হবে। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পরে এসব জায়গা হাঁটাচলার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।