হোম > রাজধানী

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

খেলাফত মজলিস

আমার দেশ অনলাইন

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। দলটি বলেছে, যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে সরকারি নিয়োগে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এসব দাবি জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

খেলাফত মজলিসের মরহুম নায়েবে আমির মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া মাহফিল বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

অনুষ্ঠানে আলোচনা করেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।

আলোচনা সভায় খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, আইন মূলত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যম। বিশেষ করে মুসলমানদের সম্পত্তি হস্তান্তর, হেবা ও উত্তরাধিকারের মতো স্পর্শকাতর বিষয়ে ইসলামী শরিয়াহর বিধান উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলে শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে। তাই শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ সময় তিনি সরকারকে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ ও আলেম-উলামাদের সঙ্গে বিশদ আলোচনার আহ্বান জানান।

সরকারি নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব উল্লেখ করে ড. আহমদ আব্দুল কাদের বলেন, নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক—উভয় ধাপেই এমন কোনো ফাঁকফোকর রাখা যাবে না, যা দুর্নীতি, তদবির বা স্বজনপ্রীতিকে উৎসাহিত করে।

তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মরহুম মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাকের স্মরণসভায় বক্তারা তার বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক ছিলেন ইসলামী আদর্শ, দ্বীনি দাওয়াত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একনিষ্ঠ কর্মী। ছাত্রজীবন থেকেই তিনি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তার নিষ্ঠা, নৈতিকতা ও আপসহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, মরহুমের শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মরহুম মাওলানা সায়্যিদ ফেরদাউস বিন ইসহাক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২

ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

আদানি চুক্তির অনিয়মে কায়কাউসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ফোন করে মেয়েকে হত্যার খবর দিল জামাতা, লাশ গোসলের সময় গ্রেপ্তার স্বামী

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু