রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ছয়টি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগের মো. মাহির এবং যুবলীগ নেতা শাহীন।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে চারটি পেট্রোলবোমাসহ মো. মাহিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মোহাম্মদপুর এলাকায় পৃথক এক অভিযানে দুটি পেট্রোলবোমাসহ যুবলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।