রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম- মো. লিমন খান (২৬)। বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে অলি নূর মাহমুদের মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যান চালক ও কাভার্ড ভ্যানটি শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে ঘাতক চালক মো. লিমন খানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।