হোম > রাজধানী

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কওমি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে একটি ঐক্যবদ্ধ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাওয়াদ আহমাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে এহতেশামুল হক সাখীকে আহ্বায়ক এবং তানজিল আমিরকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া জামালুদ্দীন খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আনাস বিন ইউসুফকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—মাহমুদ মুজিব, বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ, আনওয়ারুল হক, বেলায়েত হুসাইন, জাওয়াদ আহমদ, আতাউর রহমান, গাজী আহমাদ আব্দুল্লাহ মূসা, ইশতিয়াক সিদ্দীকী, সাব্বির আহমদ, ফয়সাল সাদেক, নাঈমুল ইসলাম, ইমরুল শাহেদ ও খালেদ সাইফুল্লাহ।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, কওমি মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের মধ্যে ঐক্য ও সমন্বয় গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাদের ভাষ্য, ইসলামী মূল্যবোধ, নৈতিক চরিত্র, জ্ঞান, দক্ষতা, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের ভিত্তিতে একটি সুশিক্ষিত, দক্ষ, কর্মক্ষম ও সেবামুখী যুবসমাজ গড়ে তোলাই সংগঠনটির প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামের মধ্যপন্থা ও উদারতার আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তরুণ আলেমদের সব মত ও পথের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবে সংগঠনটি। নতুন প্রজন্মের সামনে ইসলামের শিক্ষা তুলে ধরা এবং মতাদর্শগত বিরোধে না জড়িয়ে ইসলামের আদর্শ ছড়িয়ে দেওয়াও তাদের অন্যতম উদ্দেশ্য। এতে আরো বলা হয়, সব দল ও মতের ঊর্ধ্বে উঠে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে কাজ করবে বাংলাদেশ কওমি যুব ফোরাম।

সংগঠনটি কওমি শিক্ষার ঐতিহ্য ও আধুনিক জ্ঞান-দক্ষতার মধ্যে ইতিবাচক সেতুবন্ধন তৈরির পাশাপাশি ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও শিক্ষাগত পার্থক্য ভুলে তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে কাজ করবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে কওমি শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সহায়তা, পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন।

এ ছাড়া কওমি শিক্ষিত তরুণদের জ্ঞান, মেধা ও নেতৃত্বকে বৃহত্তর সামাজিক পরিসরে কাজে লাগানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাধারা ও শ্রেণি-পেশার তরুণদের সঙ্গে সমন্বয় করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দেশের বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে দ্রুত মানুষের পাশে দাঁড়াতে প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনাও রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নেতারা বলেন, কওমি শিক্ষার মূল্যবোধ ও ঐতিহ্য ধারণ করে সমাজের সব শ্রেণি-পেশার তরুণদের সঙ্গে নিয়ে শিক্ষা, দক্ষতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন একটি ঐক্যবদ্ধ যুবসমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

লং মার্চের সমর্থনে মোহাম্মদপুরে জামায়াতের মিছিল

বর্ষায় ঢাকাকে বাঁচায় যে বিল, দখল-ভরাটে আজ তারই অস্তিত্ব সংকটে

বিউবোর চাকরি প্রবিধানমালা পুনর্বিবেচনার দাবি

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

শাহজালালে সড়ক দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার