হোম > রাজধানী

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সিভিল সার্ভিসে মেধাভিত্তিক নিয়োগ ও সমান সুযোগ নিশ্চিত করতে ডেপুটি সেক্রেটারি (ডিএস) পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের দাবি জানিয়েছেন বিভিন্ন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। একই সঙ্গে কার্যকর জনসেবা নিশ্চিত করতে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব দাবি জানান। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে একটি মেধাভিত্তিক ও পেশাদার সিভিল সার্ভিস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য দূর করে প্রত্যেককে সমান সুযোগ ও সুবিধা দিতে হবে। একই সঙ্গে জবাবদিহিমূলক এবং উন্নত পেশাদার সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রতিটি মন্ত্রণালয় ও সেক্টরের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের সম্পৃক্ত করা প্রয়োজন। এতে সংশ্লিষ্ট খাতের বাস্তবতা ও কারিগরি বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া সম্ভব হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

বক্তাদের অভিযোগ, বর্তমানে বিভিন্ন সেক্টরের নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে এমন কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন, যাদের সংশ্লিষ্ট খাতে পেশাগত অভিজ্ঞতা নেই। এর ফলে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূমি-সংক্রান্ত দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, সংশ্লিষ্ট খাতে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হলে জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।

তারা আরও বলেন, বিভিন্ন সময়ে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও একটি ক্যাডারের অসহযোগিতার কারণে সেসব উদ্যোগ সফল হয়নি। ভবিষ্যতে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব ক্যাডারের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন ক্যাডারের সাবেক সদস্যদের লেখা বই ‘লাল ফিতায় বন্দি জনসেবা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর নাসরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ মো. আরিফ হোসেন।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্য ড. মুহম্মদ মফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এসময় তিনি ১৯৮০ সালের ২ সেপ্টেম্বরের বিভিন্ন পত্রিকার খবর তুলে ধরেন যেখানে শিরোনাম ছিলো - "Colonial structure goes", "No elitist privileges for any BCS cadre", "Unified Civil Service Introduced" প্রভৃতি। তিনি অভিন্ন সূচনা এবং বিদ্যমান অসম বাস্তবতার পর্যালোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ড. মো. কামরুজ্জামান কায়সার। এছাড়া সিভিল সার্ভিসে কর্মরত ও সাবেক সদস্যদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সিভিল সার্ভিসের ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত এবারের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাডারের সাবেক ও বর্তমান সদস্যরা সিভিল সার্ভিসের কাঠামোগত সংস্কার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণকে আরও কার্যকর সেবা দেওয়ার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র: জামায়াত এমপি

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী