হোম > রাজধানী

মাইলস্টোনে উদ্ধার অভিযানে অনভিপ্রেত ঘটনা, যা জানাল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

মাইলস্টোনে উদ্ধার অভিযান

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রম চলাকালীন সোমবার বিকেলের দিকে খানিকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময় বারবার অনুরোধ করা সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। উদ্ধার তৎপরতা পরিচালনাকালে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ঘটনা।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।

উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে। সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকবৃন্দ বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে, প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়। সেনাসদস্যগণ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য যে, এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধার কার্যক্রম চলাকালীন, বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে, একদল উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।

বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি