হোম > রাজধানী

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

​ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা বাড়লেও এর বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক। সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও ছড়ানো হলেও বাস্তবে তেমন কিছু ঘটছে না এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। একইসাথে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ আয়োজনে ‘ঢাকা রোড ট্র্যাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

​আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, গত ১৭ বছরে দেশে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে পুলিশ বাহিনীতে বর্তমানে কর্মরত প্রায় দুই লাখ সদস্যের অর্ধেকেরই নির্বাচনে দায়িত্ব পালনের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তিনি বলেন, 'আমাদের অনেক সদস্য জানেনই না, নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। তাই আমরা সারাদেশে ট্রেনিং কার্যক্রম চালাচ্ছি, ডিএমপিতেও চলছে।'

​কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার অফিসারদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, 'আমি সবসময় আমার অফিসারদের বলছি, নির্বাচনি দায়িত্ব পালনে ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।' এবারের নির্বাচন ঘিরে একটি 'নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য' পরিবেশের আশা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

​

​ডিএমপি কমিশনার আশঙ্কা প্রকাশ করে বলেন, যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি (আওয়ামী লীগ) এবার নির্বাচনে অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল নিষিদ্ধ-ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা করছে। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে, যেন কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।

​সোশ্যাল মিডিয়ায় প্রচারিত রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বাড়লেও বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম-ভিত্তিক। ডিএমপি কমিশনারের ভাষায়, 'অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না।' তিনি যোগ করেন, সোশ্যাল মিডিয়ার শক্তিকে অস্বীকার করা যায় না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

​

​ডিএমপি কমিশনার আশাবাদ প্রকাশ করেন যে, নভেম্বরের শেষ দিকে দেশে একটি 'চমৎকার নির্বাচনি পরিবেশ' তৈরি হবে। তিনি বলেন, 'এখন সবাই নির্বাচনমুখী। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫-৪০, তারাও জীবনে ভোট দেয়নি-এটি আমাদের দেশের জন্য দুঃখজনক।' নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ডিএমপির সক্ষমতা যথেষ্ট।

​

ডিআরএসপি সেমিনারে ডিএমপি কমিশনার ছাড়াও জাইকার প্রজেক্ট লিডার ইয়োশিহিসা আসাদা (Mr. Yoshihisa ASADA) এবং জাইকা, বাংলাদেশের প্রতিনিধি শোকো সাকোমা (Ms. Shoko Sakuma) সড়ক নিরাপত্তা জোরদারে বক্তব্য রাখেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ